জাতীয়

বাঁধনের ওপর হামলাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া সরকার শুরু করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

ডা. জাহেদ উর রহমান বলেন, অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় আওয়ামী লীগের প্রকৃত চরিত্র আবারও প্রকাশ পেয়েছে। এ ঘটনার জন্য ইতালিতে যে ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন, সরকার সে প্রক্রিয়া শুরু করেছে। বিষয়টি কোনোভাবেই উপেক্ষা করা হবে না।

আওয়ামী লীগকে তিনি রাজনৈতিক দল হিসেবে মনে করেন না বরং এটিকে একটি ‘মাফিয়া গ্যাং’ বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। বাঁধনের ওপর হামলার ঘটনাটি তাদের কর্মকাণ্ডের ধরন আরও একবার স্পষ্ট করেছে। বাংলাদেশে তাদের কোনোভাবেই রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর সুযোগ দেওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

ডা. জাহেদ বলেন, আওয়ামী লীগ যদি সত্যিই রাজনৈতিক কর্মকাণ্ডে ফেরার উদ্দেশ্য নিয়ে এগোত, তাহলে এ ধরনের সহিংস ঘটনা ঘটত না।

এর আগে একটি চলচ্চিত্র উৎসবে অংশ নিতে পরিবারের সদস্যদের সঙ্গে ইতালিতে যান অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সেখানে একটি পার্কে অবস্থানকালে একদল ব্যক্তি তার ওপর হামলা করে বলে অভিযোগ করেন তিনি। এ সময় তার শরীরে ডিম, পানি ও কোমল পানীয় ছোড়া হয় এবং তাকে শারীরিকভাবে হেনস্তা করা হয়।

পরে নিজের যাচাইকৃত ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারে এসে বাঁধন হামলা ও হেনস্তার ঘটনার বিস্তারিত তুলে ধরেন। একপর্যায়ে তাকে ‘জয় বাংলা’ স্লোগান দিতে বাধ্য করা হয়েছিল বলেও সরাসরি সম্প্রচারে জানান এই অভিনেত্রী।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন