‘ভাই’ না বলে ‘ব্রো’ বলায় শেকৃবিতে সিনিয়র-জুনিয়র সংঘর্ষ
লিফটে ওঠার সময় সিনিয়র শিক্ষার্থীকে ‘ভাই’ না বলে ‘ব্রো’ বলে সম্বোধন করাকে কেন্দ্র করে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) সিনিয়র-জুনিয়রের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) দুপুরের কথা কাটাকাটির জেরে রাতে শেরেবাংলা হলের ডাইনিংয়ের সামনে ফের হাতাহাতি হয়। এতে দুই শিক্ষার্থী আহত হয়েছেন। পরে ছাত্রদল নেতার কক্ষে ভাঙচুরের ঘটনাও ঘটে।
আহত দুই শিক্ষার্থী হলেন অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ২১ ব্যাচের হোসাইন শরীফ এবং ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স অনুষদের ২৩ ব্যাচের মো. রাতুল হাসান রুম্মান।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার দুপুরে বিজয়-২৪ হলের লিফটে ওঠার সময় রাতুল হাসান রুম্মান হোসাইন শরীফকে ‘হেই ব্রো, লিফটটি ধরেন’ বলে ডাকেন। ‘ভাই’ না বলে ‘ব্রো’ বলায় এ সময় দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়।
পরে রাতে শেরেবাংলা হলের ডাইনিংয়ের সামনে দুপুরের ওই ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে আবারও তর্কাতর্কি ও হাতাহাতি হয়।
সংশ্লিষ্টদের দাবি, রাতুল হাসান রুম্মান ১৭ ব্যাচের ছাত্রদল নেতা জিবরাইল শরীফের অনুসারী। রাতের ঘটনার একপর্যায়ে জিবরাইল ঘটনাস্থলে গেলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরে ২১ ব্যাচের কয়েকজন শিক্ষার্থী সেখানে উপস্থিত হয়ে তার সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
একপর্যায়ে জিবরাইল শরীফকে মারধর করে লাঠিসোঁটা নিয়ে ধাওয়া করা হয় বলে অভিযোগ উঠেছে। পরে তার কক্ষে গিয়ে ভাঙচুর করা হয়।
রাতুল হাসান রুম্মান জানান, দুপুরে ক্লাস শেষে ক্লান্ত থাকায় তিনি হোসাইন শরীফকে ‘ভাই’ না বলে ‘ব্রো’ বলে লিফটটি ধরতে বলেছিলেন। এতে শরীফ তার পরিচয় জানতে চান এবং তাকে লিফটে উঠতে বাধা দেন।
রাতুল বলেন, রাতে হলের ডাইনিংয়ের সামনে ২১ ব্যাচের আরেক শিক্ষার্থী মারুফের উপস্থিতিতে বিষয়টি নিয়ে আবার কথা হয়। একপর্যায়ে তাকে বকাঝকা ও মারধর করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলেও জানান রাতুল।
অন্যদিকে হোসাইন শরীফের দাবি, দুপুরের ঘটনার পর রাতে রাতুলসহ কয়েকজন তার পথরোধ করেন। তারা তার পরিচয় জানতে চান এবং একপর্যায়ে তাকে আঘাত করেন। নিজেকে রক্ষা করতে গেলে তার হাত লেগে রাতুলের কপাল কেটে যায়।
হোসাইন শরীফ বলেন, ‘একপর্যায়ে ছাত্রদল নেতা জিবরাইল শরীফ কমপক্ষে ১৫ জনকে নিয়ে এসে আমার কলার ধরে হলের বাইরে নিয়ে যান। এ সময় তারা অকথ্য ভাষায় গালাগালি করেন এবং ক্যাম্পাস থেকে বের করে দেওয়া, পুলিশে দেওয়া ও মামলা করার হুমকি দেন।’
অভিযোগের বিষয়ে ছাত্রদল নেতা জিবরাইল শরীফ বলেন, ‘আমি শেরেবাংলা হলের সামনে ছিলাম। হলের ভেতর হইচই শুনে সেখানে গিয়ে দেখি, আমার ছোট ভাইয়ের সঙ্গে তার সিনিয়রের কোনো একটি বিষয় নিয়ে সমস্যা হয়েছে। পরে বিষয়টি সমাধানের জন্য ২১ ব্যাচের শিক্ষার্থী শরীফ ও তার ব্যাচের অন্য শিক্ষার্থীদের নিয়ে হলের গেস্টরুমে বসতে চাই। এ সময় সেখানে উপস্থিত ২১ ব্যাচের অনিমেশ রায় তার ব্যাচের অন্যদের বিষয়টি জানালে কয়েকজন শিক্ষার্থী এসে আমাদের সঙ্গে কথা-কাটাকাটি ও একপর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পড়েন।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আরফান আলী বলেন, ‘যতটুকু বুঝেছি, এটি ব্যাচভিত্তিক ঝামেলা। আমরা বিষয়টি আরও পরিষ্কার হওয়ার চেষ্টা করছি। পরবর্তীতে সবাইকে নিয়ে বসে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
এমএ//