দেশজুড়ে

ছেলের বিয়ের কেনাকাটা শেষে ফেরার পথে ট্রাকচাপায় দম্পতির মৃত্যু

পাবনার ঈশ্বরদীতে ছেলের বিয়ের কেনাকাটা শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় এক দম্পতি নিহত হয়েছেন।

বুধবার (০৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঈশ্বরদী পৌর শহরের আলহাজ্ব মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার সাহাপুর ইউনিয়নের মালিথাপাড়া এলাকার মৃত টুনি মালিথার ছেলে আনোয়ার মালিথা (৪০) ও তাঁর স্ত্রী স্বপ্না খাতুন (৩৫)।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, আগামী শুক্রবার তাদের ছেলে সিয়ামের বিয়ে। এ উপলক্ষে বুধবার বিকেলে স্বামী-স্ত্রী ঈশ্বরদী শহরে বিয়ের কেনাকাটা করতে যান। কেনাকাটা শেষে সন্ধ্যায় মোটরসাইকেলে বাড়ি ফেরার সময় আলহাজ্ব মোড় এলাকায় দ্রুতগতির একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়।

দুর্ঘটনায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান স্বপ্না খাতুন। গুরুতর আহত আনোয়ার মালিথাকে স্থানীয়রা উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ওসি আসাদুর রহমান জানান, দুর্ঘটনায় নিহত দুজনের মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। তাকে আটকের চেষ্টা চলছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন