‘ইরানের বিরুদ্ধে যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে’
ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র জয়ী হচ্ছে এবং হরমুজ প্রণালি এখন তাদের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, টেক্সাসের ডালাসে রিপাবলিকান পার্টির মধ্যবর্তী নির্বাচনী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া ভাষণে ট্রাম্প এসব মন্তব্য করেন।
যুক্তরাষ্ট্রে জীবনযাত্রার ব্যয় বাড়ার জন্য আগের প্রশাসনগুলোর পরিবেশবান্ধব নীতিকে দায়ী করেন ট্রাম্প। একই সঙ্গে তাঁর প্রশাসন খাদ্যসহ বিভিন্ন পণ্যের দাম দ্রুত কমিয়ে এনেছে বলেও দাবি করেন তিনি।
ইরানের সঙ্গে যুদ্ধের প্রসঙ্গ টেনে মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুদ্ধ শেষ করে যুক্তরাষ্ট্র জয়ী হওয়ার পর তেলের দাম আরও কমবে। তিনি বলেন, ‘আমরা জিতব। আমরা জিতছি। হরমুজ প্রণালি আমাদের নিয়ন্ত্রণে।’
পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযুক্তকারী গুরুত্বপূর্ণ এই জলপথটির নাম পরিবর্তন করে ‘ট্রাম্প প্রণালি’ রাখার প্রস্তাবও দেন তিনি। রসিকতার সুরে ট্রাম্প বলেন, ইরানের নেতৃত্ব নিশ্চয়ই এমন নামকরণে খুব খুশি হবে।
ইরানকে মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের ‘দাপুটে শক্তি’ হিসেবে উল্লেখ করে ট্রাম্প বলেন, ৫১ বছর ধরে দেশটি ওই অঞ্চলে ‘বুলির’ মতো আচরণ করেছে। তবে এখন আর ইরান সেই অবস্থানে নেই বলেও মন্তব্য করেন তিনি।
এমএ//