সাগরে লঘুচাপের সম্ভাবনা, টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
ভাদ্রের শেষ বিকেলগুলোতে আকাশে মেঘ জমছে, কোথাও নামছে হালকা বৃষ্টি, আবার কোথাও হঠাৎ দমকা হাওয়ার সঙ্গে শুরু হচ্ছে বজ্রপাত। বর্ষার বিদায়ের এই সময়ে বৃষ্টির এমন বিচ্ছিন্ন উপস্থিতির মধ্যেই নতুন করে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হলে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। কোথাও কোথাও হতে পারে মাঝারি ধরনের ভারী বর্ষণ। তবে সামগ্রিকভাবে আবহাওয়ার বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।
বুধবার (০৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ ভারতের রাজস্থান, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এদিন সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
শুক্রবার ও শনিবার (১১-১২ সেপ্টেম্বর) খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। তবে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
রোববার ও সোমবার (১৩-১৪ সেপ্টেম্বর) রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ দুই দিনেও দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। তবে দিন ও রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।
এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে দিনাজপুরে। রাঙামাটিতে ৩১ মিলিমিটার, নারায়ণগঞ্জ ও টাঙ্গাইলে ২০ মিলিমিটার করে, নওগাঁর বদলগাছীতে ১৯, পাবনার ঈশ্বরদীতে ১৬, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৩, পটুয়াখালীতে ১১ এবং ঢাকা ও লক্ষ্মীপুরের রামগতিতে ১০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এ ছাড়া দেশের বিভিন্ন অঞ্চলেও বৃষ্টিপাত হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, বর্ধিত পাঁচ দিনে দেশের আবহাওয়ায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। ফলে ভাদ্রের শেষ সময়ে বৃষ্টি ও মেঘলা আকাশের এই প্রবণতা আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে।
এসি//