জাতীয়

প্রতারণা-জালিয়াতির অভিযোগের মধ্যে ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

প্রতারণা ও জালিয়াতির অভিযোগের তদন্ত চলার মধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ।

বুধবার (০৯ সেপ্টেম্বর) দেওয়া পদত্যাগপত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।

২০২৪ সালের শুরুতে পাঁচ বছরের মেয়াদে ডব্লিউএইচওর দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক হিসেবে দায়িত্ব নেন সায়মা। তবে ২০২৫ সালের জুলাইয়ে বাংলাদেশে তৎকালীন অন্তর্বর্তী সরকারের অধীনে দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির মামলা করার পর তাকে বিনাবেতনে প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়।

সায়মার আইনজীবীরা ৩ জুলাই ডব্লিউএইচওকে যে চিঠি দিয়েছিলেন, সেটি রয়টার্সের হাতে এসেছে। সেখানে সংস্থাটির পক্ষ থেকে চীন সফরের ব্যয় নিয়ে আর্থিক অনিয়ম এবং শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে ভুল তথ্য দেওয়ার অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে। তবে সায়মা এসব অভিযোগ অস্বীকার করেছেন।

পদত্যাগপত্রে তিনি আরও বলেন, বাংলাদেশে একটি জমি অবৈধভাবে অধিগ্রহণের অভিযোগও তার বিরুদ্ধে তুলেছে ডব্লিউএইচও। সায়মার দাবি, ডব্লিউএইচওতে যোগ দেওয়ার আগেই তিনি ওই জমি কিনেছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের জন্য প্রযোজ্য একটি আইনের আওতায় জমিটি পাওয়ার অধিকার তার ছিল বলেও দাবি করেন তিনি।

ডব্লিউএইচওর মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রেয়েসুসকে পাঠানো পদত্যাগপত্রে সায়মা বলেন, আঞ্চলিক পরিচালকের দায়িত্বে থেকে সংশ্লিষ্ট দেশগুলোর মানুষের সেবা করার চেষ্টা করেছেন তিনি।

তবে দায়িত্ব পালনে বাধার কারণে ডব্লিউএইচওর নেতৃত্বের ওপর তার আস্থা ও বিশ্বাস নষ্ট হয়েছে বলে জানান সায়মা। প্রায় এক বছর ধরে বেতন না পাওয়ায় তার আর্থিক পরিস্থিতিও অসহনীয় হয়ে উঠেছে বলে উল্লেখ করেন তিনি। এসব কারণেই পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান সায়মা।

এ বিষয়ে রয়টার্সের কাছে আর কোনো মন্তব্য করতে চাননি তিনি। ডব্লিউএইচও’ও রয়টার্সের প্রশ্নের তাৎক্ষণিক কোনো জবাব দেয়নি। গত মাসে সংস্থাটি জানিয়েছিল, সায়মা ছুটিতে রয়েছেন। তবে গোপনীয়তার কারণ দেখিয়ে তার বিরুদ্ধে চলমান বিষয় নিয়ে বিস্তারিত কিছু জানায়নি ডব্লিউএইচও।

দুটি সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, সায়মাকে আনুষ্ঠানিকভাবে পদ থেকে সরানোর প্রস্তুতি নিচ্ছিল ডব্লিউএইচও। একটি সূত্রের দাবি, আগামী ১২ অক্টোবর নতুন আঞ্চলিক পরিচালক পদের জন্য মনোনয়ন আহ্বান করা হতে পারে। ডিসেম্বরে প্রার্থীদের যাচাই-বাছাই শেষে ২৪ জানুয়ারি নির্বাচন হওয়ার কথা রয়েছে।

এদিকে গেল জুলাইয়ে আইনজীবীদের মাধ্যমে দেওয়া জবাবে চীন সফর নিয়ে আর্থিক অনিয়মের অভিযোগও অস্বীকার করেন সায়মা। তার দাবি, নিয়মিত ব্যয় ফেরতের আবেদন প্রক্রিয়ায় এক সহকারীর প্রশাসনিক ভুলের কারণে বিষয়টি তৈরি হয়। সংশ্লিষ্ট অর্থের পরিমাণ ছিল ৯০১ ডলার।

শিক্ষাগত যোগ্যতা নিয়ে ওঠা অভিযোগের বিষয়ে সায়মা বলেন, বাংলাদেশে অটিজম নিয়ে তার কাজের স্বীকৃতি হিসেবে তিনি একটি সম্মানসূচক ডক্টরেট পেয়েছেন। এই যোগ্যতার বিষয়টি ডব্লিউএইচওর মহাপরিচালক তেদ্রোসকে তিনি স্পষ্টভাবে জানিয়েছিলেন বলেও দাবি করেন।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন