মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত সেনা সদস্য রিফাত
চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুর্ঘটনায় নিহত সেনা সদস্য তাসনিম রিফাতকে দাফন করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে জোহরের নামাজের পর জানাজা শেষে রাজশাহীর দামকুড়া থানার বিন্দারামপুর গ্রামে মায়ের কবরের পাশে তাকে সমাহিত করা হয়।
এর আগে সেনাবাহিনীর সদস্যরা রিফাতের মরদেহ তার গ্রামের বাড়িতে নিয়ে যান। সেখানে সেনাবাহিনীর পক্ষ থেকে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।
বুধবার হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুশীলন চলাকালে দুর্ঘটনায় রিফাতসহ দুই সেনাসদস্য নিহত হন। এ ঘটনায় এক কর্মকর্তাও আহত হয়েছেন।
বুধবার ভোরে চট্টগ্রাম থেকে ঢাকা হয়ে সেনাবাহিনীর হেলিকপ্টারে রিফাতের মরদেহ রাজশাহী সেনানিবাসে নেওয়া হয়। পরে ফ্রিজিং গাড়িতে করে মরদেহ নিয়ে যাওয়া হয় তার গ্রামের বাড়িতে।
রিফাতের মরদেহ বাড়িতে পৌঁছানোর পর স্বজনদের আহাজারিতে শোকের পরিবেশ তৈরি হয়। শেষবারের মতো তাকে দেখতে বাড়িতে ভিড় করেন স্থানীয় বাসিন্দারাও।
স্বজনরা জানান, প্রশিক্ষণ শেষ করে একদিন পরই বাড়িতে ফেরার কথা ছিল রিফাতের। এরপর তার বগুড়া সেনানিবাসে যোগ দেওয়ার কথা ছিল। গেল বছর ক্যান্সারে আক্রান্ত হয়ে মায়ের মৃত্যুর পর থেকেই তিনি বারবার রাজশাহীতে ফেরার ইচ্ছা প্রকাশ করতেন।
এর আগে বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত এবং এক কর্মকর্তা আহত হয়েছেন।
আহত কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর।