আন্তর্জাতিক

বিকট শব্দে বিস্ফোরণ, ঘুমের মধ্যেই শেষ ৪ সদস্যের পরিবার

ঘুমিয়ে থাকা অবস্থাতেই ইসরাইলি বিমান হামলায় প্রাণ হারালেন একই পরিবারের চার সদস্য। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) গাজার বেইত লাহিয়া এলাকায় একটি ক্ষতিগ্রস্ত বাড়িতে চালানো হামলায় দুই শিশুসহ পরিবারের চারজন নিহত হয়েছেন।

গাজার আল-শিফা হাসপাতালের এক কর্মকর্তা জানান, বেইত লাহিয়া প্রজেক্ট এলাকায় একটি বাড়িতে ইসরাইলি হামলার পর আহমেদ পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত দুই শিশুর বয়স ১২ ও ৮ বছর।

গাজার আরেকটি সূত্র জানায়, বুধবার মধ্যরাতের পর বেইত লাহিয়া এলাকায় ইসরাইলি যুদ্ধবিমান হামলা চালায়। একই সময়ে জাবালিয়া শরণার্থী শিবিরের কেন্দ্রস্থলেও পৃথক হামলার ঘটনা ঘটে।

এ ছাড়া বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবু এবং অ্যাম্বুলেন্স লক্ষ্য করেও ইসরাইলি বাহিনী বোমাবর্ষণ করেছে বলে জানা গেছে।

গত বছরের অক্টোবরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরাইল ও হামাস যুদ্ধবিরতিতে সম্মত হলেও গাজায় ইসরাইলি বিমান হামলা অব্যাহত রয়েছে।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলার নেতৃত্ব দেওয়া হামাসের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত থাকবে। হামাস সব অস্ত্র সমর্পণ না করা পর্যন্ত গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে না বলেও জানিয়েছেন তিনি।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে ইসরাইলি হামলায় এক হাজার ৩০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। একই সময়ে পাঁচ সেনাসদস্য ও একজন বেসামরিক ঠিকাদার নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে ইসরাইলি বাহিনী।

সূত্র: আল জাজিরা

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন