দেশজুড়ে

বাসা থেকে বের হওয়ার সময় যুবককে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যা

ময়মনসিংহের মুক্তাগাছা ‍উপজেলায় ফরহাদ হোসেন নামের এক যুবকের শরীরে পেট্রল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত যুবক বেকার মুক্তি কর্ম সংস্থান আন্দোলনের সদস্য সচিব। নিহত ফরহাদ হোসেন মুক্তাগাছা শহরের মধ্যহিস্যা এলাকার আব্দুস সাত্তারের ছেলে। তিনি পেশায় সবজি বিক্রেতা ছিলেন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়। মুক্তাগাছা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গতকাল রাতে বাসা থেকে বের হওয়ার সময় পেছন থেকে ফরহাদের শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। চিৎকার শুনে স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে মুক্তাগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে চিকিৎসক ফরহাদকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। আজ দুপুর ১২টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ফরহাদের বাবা আব্দুস সাত্তার গণমাধ্যমকে বলেন, রাতে বাসা থেকে বের হওয়ার সময় মুখোশ পরা দুজন লোক জাপটে ধরে ফরহাদের শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।

তিনি বলেন, ফরহাদ মাদকের বিরুদ্ধে বিভিন্ন কর্মসূচিসহ সামাজিক আন্দোলনে সক্রিয় ছিল। এসব বিষয় নিয়ে কয়েকজনের সঙ্গে তার বিরোধ ছিল। তারাই এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

গত ৮ সেপ্টেম্বর পুলিশ হত্যার বিচার চেয়ে প্রেসক্লাবের সামনে মানববন্ধনেও অংশ নিয়েছিলেন ফরহাদ হোসেন। তিনি বলেছিলেন, পুলিশ সাধারণ জনগণের নিরাপত্তা কিভাবে দিবে? তার নিজের জীবনের নিরাপত্তা নাই। এসময় মাদক বিরোধী অভিযানও জোরদারের কথা বলেন তিনি/

ওসি কামরুল ইসলাম বলেন, কেন বা কী কারণে আগুনে পুড়িয়ে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, তা জানতে তদন্ত চলছে। মরদেহ হাসপাতালের মর্গে আছে। এ ঘটনায় এখনো মামলা করা হয়নি

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন