জাতীয়

আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, বাড়তে পারে লোডশেডিং

কারিগরি ত্রুটির কারণে ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত আদানি পাওয়ারের ১ হাজার ৬০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি ইউনিটের একটি বন্ধ হয়ে গেছে। এতে দেশে লোডশেডিং বাড়ার শঙ্কা রয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) মধ্যরাতের দিকে আদানি পাওয়ারের গোড্ডা বিদ্যুৎ কেন্দ্রের ৮০০ মেগাওয়াটের ইউনিটটি বন্ধ হয়ে যায়। আজ (১১ সেপ্টেম্বর) বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সদস্য (উৎপাদন) মো. জহিরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, আদানি পাওয়ার জানিয়েছে তাদের ওই ইউনিটের বয়লার অতিরিক্ত গরম হয়ে যাওয়ার কারনে সেটি বন্ধ করে দিতে হয়েছে।

বিপিডিবির এক কর্মকর্তা জানান, মেরামতের কাজ শুরু করতেই অন্তত ৪৮ ঘণ্টা সময় লাগবে। তিনি আরও যোগ করেন, ইউনিটটি পুনরায় সচল করতে আরও বেশ কয়েক দিন সময় লাগতে পারে।

বিপিডিবির কর্মকর্তারা জানিয়েছেন, গতকাল সন্ধ্যার পিক আওয়ারে লোডশেডিং ২ হাজার ৫০০ মেগাওয়াট ছাড়িয়েছিল। আজ আদানির ইউনিট বন্ধ হওয়ার ফলে  তা আরও বাড়তে পারে।

এর আগে কয়লা পরিবহনে বিঘ্নের কারণে আগস্টের মাঝামাঝি সময় থেকেই আদানি পাওয়ারের গোড্ডা বিদ্যুৎকেন্দ্রটি সক্ষমতার চেয়ে কম বিদ্যুৎ উৎপাদন করছিল।

তবে গত মাসের শেষ দিকে কেন্দ্রটিতে উৎপাদন ধীরে ধীরে বাড়তে শুরু করে এবং তা দিনের বেলায় প্রায় ৯০০ মেগাওয়াট ও সন্ধ্যায় ১ হাজার ২০০ মেগাওয়াট পর্যন্ত পৌঁছে। এর মধ্যেই আবার কারিগরি ত্রুটির কারনে একটি ইউনিট বন্ধ হয়ে গেল।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন