দেশজুড়ে

৩টি কার্টনে মিলল অজ্ঞাত ব্যক্তির ৬ টুকরো মরদেহ

ফরিদপুরের মধুখালীতে তিনটি কার্টনে অজ্ঞাত এক ব্যক্তির ৬ টুকরো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই ব্যক্তি একজন পুরুষ এবং তার আনুমানিক বয়স ৫০ বছর বলে পুলিশ জানিয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের বোয়ালিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন একটি কাঁচা সড়কের ঢালের ঝোপের আড়াল থেকে ওই কার্টনগুলোর মধ্যে থেকে মৃত মানুষের খণ্ডিত দেহ উদ্ধার করা হয়। সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) এস এম মাসুদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, বোয়ালিয়া স্ট্যান্ড থেকে প্রায় ২০০ গজ সামনে ঢাকা-খুলনা মহাসড়কের ডান পাশে লাভলু মল্লিক ও ইসহাক মিয়ার ধানখেতের পাশে একটি তালগাছের গোড়ায় তিনটি মুখ বাঁধা কার্টন দেখতে পান পথচারীরা। কার্টনগুলো থেকে প্রচণ্ড দুর্গন্ধ বের হওয়ায় জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান স্থানীয়রাপরে মধুখালী থানা পুলিশ ঘটনাস্থলে এসে কার্টন তিনটি উদ্ধার করেন এবং প্যাকেটগুলোর ভেতরে বস্তাবন্দি খণ্ডিত মরদেহ দেখতে পান।

সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) এস এম মাসুদুজ্জামান বলেন, মরদেহটি তিনটি কার্টনে প্যাকেট করা এবং অর্ধগলিত অবস্থায় পাওয়া গেছে। অজ্ঞাত কোনো স্থানে হত্যা করে কার্টনগুলো এখানে ফেলে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছেমৃতের পরিচয় শনাক্ত করার কাজ চলছে। এছাড়া এই নৃশংস হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটনে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।

মধুখালী থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মারুফ হাসান বলেন, মরদেহের অংশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিচয় শনাক্ত না হলে ধর্মীয় রীতি অনুযায়ী দাফনের জন্য আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন