রাজধানীতে চাঁদা না পেয়ে বাসায় ঢুকে যুবককে গুলি
রাজধানীর বাড্ডায় চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় বাসায় ঢুকে এক যুবককে গুলি করার অভিযোগ উঠেছে। গুলিবিদ্ধ মো. রানা (৩৫) পেশায় গাড়িচালক।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে হোসেন মার্কেটের পেছনে ময়নারবাগ বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
রাত ২টার দিকে স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন। তার ডান পায়ের হাঁটুর ওপরের অংশে গুলি লেগেছে। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
রানা জানান, ঘটনার দিন বিকেল ৩টার দিকে উত্তর বাড্ডায় পরিচিত জয় নামে এক ব্যক্তির বাসায় দাওয়াতে যান তিনি। পরে একটি কক্ষে ঘুমিয়ে পড়েন। ওই সময় তার ছোট ভাই ও জয়ও কক্ষে ছিলেন।
তিনি আরও জানান, রাত ১০টার দিকে বাসার দরজায় কড়া নাড়ার শব্দ হলে ভেতর থেকে পরিচয় জানতে চাওয়া হয়। বাইরে থেকে কোনো জবাব না পেয়ে জয় দরজা খুলে কাউকে দেখতে না পেয়ে মূল ফটকের দিকে এগিয়ে যান।
এ সময় তামিমসহ আরও দুজন ভেতরে ঢুকে গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে বিছানায় শুয়ে থাকা রানার ডান পায়ে গুলি করে তারা পালিয়ে যান বলে অভিযোগ করেন তিনি।
রানা অভিযোগ করেন, স্থানীয় বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে তামিম তাকে লক্ষ্য করে গুলি করেন।
রানার স্বজনদের দাবি, তার বড় ভাইয়ের একটি প্রতিষ্ঠান থেকে তামিম নিয়মিত চাঁদা দাবি করতেন। রানা চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় এ হামলা হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন তারা। তাদের আরও দাবি, তামিমের বিরুদ্ধে বাড্ডা থানায় একটি হত্যা মামলাও রয়েছে।
পরিদর্শক হাবিবুর রহমান জানান, রাতে বাড্ডা থেকে গুলিবিদ্ধ অবস্থায় রানাকে হাসপাতালে আনা হয়। পরে তাকে ভর্তি করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
এমএ//