জাতীয়

ঐক্যবদ্ধ থাকলে ফ্যাসিবাদী শক্তি মাথা তুলে দাঁড়াতে পারবে না : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেছেন, দলকে শক্তিশালী করার কোনো বিকল্প নেই। সবাই ঐক্যবদ্ধ থাকলে কোনো ফ্যাসিবাদী শক্তিই মাথা তুলে দাঁড়াতে পারবে না। এজন্য দলীয়ভাবে আমাদের ভিত আরও শক্তিশালী করতে হবে।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে পাবনা শিল্পকলা একাডেমিতে জেলা বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পাবনার দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেন, পাবনার নানা সমস্যা সমাধানে জেলার নেতৃবৃন্দকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পাবনাবাসীর চাওয়া-পাওয়া ও বিভিন্ন দাবি সরকারের কাছ থেকে আদায় করে নেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করা হবে।

জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট একেএম সেলিম রেজা হাবিব এবং জেলা বিএনপির সদস্য সচিব মাসুদ খন্দকার।

এর আগে উন্নয়ন কর্মকাণ্ডসহ সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয়ের জন্য পাবনার দায়িত্ব পাওয়ায় প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন