ইউক্রেনে রুশ ড্রোন হামলা, অল্পের জন্য বাঁচলেন বরিস জনসন
পোল্যান্ড সীমান্তের কাছে ইউক্রেনের একটি রেলপথে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। হামলার কিছুক্ষণ আগেই একই রেলপথ দিয়ে পোল্যান্ডের উদ্দেশে যাত্রা করেছিলেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনসহ ইউরোপের বেশ কয়েকজন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা। তবে হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, পোল্যান্ড সীমান্ত থেকে মাত্র দুই কিলোমিটার দূরে ইয়াহোদিন এলাকায় একটি যাত্রীবাহী ট্রেনকে লক্ষ্য করে রুশ ড্রোনটি হামলা চালায়। হামলার আশঙ্কায় আগেই ট্রেনের যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছিল। এতে বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়। তবে ড্রোনের আঘাতে ট্রেনটির ইঞ্জিন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
নিরাপত্তা সূত্র জানিয়েছে, কিয়েভে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেওয়ার পর ফেরার পথে এই রেলপথ ব্যবহার করেন বরিস জনসন এবং যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জোনাথন পাওয়েলসহ কয়েকজন পশ্চিমা কর্মকর্তা।
ইউক্রেনের রাষ্ট্রীয় রেলওয়ে সংস্থা উক্রজালিজনিতসিয়া জানিয়েছে, রুশ ড্রোনের মূল লক্ষ্য ছিল পশ্চিমা কর্মকর্তাদের বহনকারী কূটনৈতিক ট্রেনটি। সম্ভাব্য হামলার বিষয়ে আগে থেকেই গোয়েন্দা তথ্য পাওয়ায় বিশেষ ট্রেনটির যাত্রার সময় এগিয়ে নেওয়া হয়েছিল। ফলে সেটি নির্ধারিত সময়ের আগেই ওই স্টেশন ছেড়ে যায়।
এদিকে হামলার সময় ঘটনাস্থলে থাকা আরেকটি ট্রেনে সফর করছিলেন মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সাবেক প্রধান ডেভিড পেট্রাউস।
হামলার দায় স্বীকার করেছে মস্কো। রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, পশ্চিম ইউক্রেনের সামরিক স্থাপনা ও গুরুত্বপূর্ণ রেল অবকাঠামো লক্ষ্য করেই এই অভিযান চালানো হয়েছে।
তবে ন্যাটোর সদস্য পোল্যান্ডের সীমান্তের এত কাছে এই হামলার ঘটনায় ইউক্রেন ও পোল্যান্ড সীমান্তে নতুন করে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে। অঞ্চলটিতে সম্ভাব্য আরও হামলা ঠেকাতে পরিস্থিতির ওপর নজরদারি বাড়ানো হয়েছে।
এসি//