সিরাজগঞ্জে জিপিএ-৫ পাওয়া ৬০০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা
সিরাজগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া প্রায় ৬০০ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সংবর্ধনার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য বিশেষ ক্যারিয়ার গাইডলাইন সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোমবার (১৪ সেপ্টেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. তাহমিনা আক্তার। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে শিক্ষা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষাবিদ, শিক্ষক, অভিভাবক ও সিরাজগঞ্জের বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, কেবল পরীক্ষায় ভালো ফলাফল করাই যথেষ্ট নয়। শিক্ষার্থীদের আগামী দিনের যোগ্য ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে সঠিক পরিকল্পনা ও দিকনির্দেশনা প্রয়োজন। সেই লক্ষ্যেই এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সেমিনারে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, সঠিক পেশা নির্বাচন, আধুনিক দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হয়। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে বিশেষ সম্মাননা তুলে দেওয়া হয়।
সংবর্ধনা শেষে শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বর্ণাঢ্য এ আয়োজন শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং তাদের ভবিষ্যৎ পথচলায় অনুপ্রেরণা জোগাবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।
আর/আই