জাতীয়

সার সরবরাহ, মজুত ও বিতরণ মনিটরিংয়ে নিয়ন্ত্রণ কক্ষ গঠন

দেশে সার সরবরাহ, মজুত ও বিতরণ ব্যবস্থা সুষ্ঠুভাবে মনিটরিংয়ের লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) একটি সার ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ কক্ষ গঠন করেছে।

ডিএই’র মহাপরিচালকের কার্যালয়ের এক অফিস আদেশে জানানো হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মনিটরিং ও বাস্তবায়ন অনুবিভাগের ৪০২ নম্বর কক্ষে এ নিয়ন্ত্রণ কক্ষ পরিচালিত হবে।

অফিস আদেশে বলা হয়, সার ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নির্ধারিত সময় অনুযায়ী দায়িত্ব পালন করবেন এবং সার সরবরাহ, মজুত ও বিতরণ ব্যবস্থা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করবেন।

নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্ব পালনের জন্য সকাল ৮টা থেকে বিকেল ৩টা এবং বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত দুই শিফটে কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। শুক্রবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন পৃথক কর্মকর্তারা এ দায়িত্ব পালন করবেন।

এতে আরও বলা হয়, প্রতিদিনের সারসংক্রান্ত প্রতিবেদন controlroom@dae.gov.bd  ই-মেইলে অথবা ‘DAE Control Room Daily information নামে হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠাতে সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এ উদ্যোগের ফলে সার সরবরাহ, মজুত ও বিতরণ ব্যবস্থার ওপর কেন্দ্রীয়ভাবে নজরদারি আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সূত্র: বাসস

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন