আইন-বিচার

মানবতাবিরোধী অপরাধ

ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ নেতার রায় আজ

জুলাই গণ-অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতসহ সাত নেতার রায় আজ ঘোষণা করা হবে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করবেন। গেল সোমবার রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করা হয়। এর আগে গত ১৮ আগস্ট উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন ট্রাইব্যুনাল।

ওবায়দুল কাদের ও মোহাম্মদ আলী আরাফাত ছাড়া মামলার অন্য আসামিরা হলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

আসামিদের সর্বোচ্চ শাস্তির পাশাপাশি তাদের সম্পত্তি বাজেয়াপ্তের আবেদন জানিয়েছে প্রসিকিউশন।

প্রসিকিউশনের দাবি, জুলাইয়ের আন্দোলন ঘিরে রাষ্ট্রীয় বিভিন্ন বৈঠকে আন্দোলনকারীদের হত্যার পরিকল্পনা ও ষড়যন্ত্র করা হয়েছিল। মামলায় উপস্থাপিত বিভিন্ন অডিও ও ভিডিওতে এর প্রমাণ পাওয়া গেছে বলেও দাবি করেছে রাষ্ট্রপক্ষ।

এছাড়া আন্দোলনকারীদের দেখামাত্র গুলি করার নির্দেশ ওবায়দুল কাদের দিয়েছিলেন বলে প্রসিকিউশনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। তাদের ভাষ্য, ওই নির্দেশের পর ৫ আগস্ট পর্যন্ত নির্বিচারে গুলি চালিয়ে বহু মানুষকে হত্যা করা হয়।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন