গত ৭ মাসে সরকার দেশে অভূতপূর্ব বাকস্বাধীনতা নিশ্চিত করেছে : মাহ্দী আমিন
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেছেন, গত সাত মাসে নির্বাচিত বিএনপি সরকার দেশে অভূতপূর্ব বাকস্বাধীনতা ও নাগরিক মানবাধিকার নিশ্চিত করেছে। এই সময়ে রাষ্ট্রীয় মদদে কোনও গুম, বিচারবহির্ভূত হত্যা বা নির্যাতনের মাধ্যমে মৃত্যুর ঘটনা ঘটেনি। রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিরোধী মত বা রাজনৈতিক মূল্যবোধও হরণ করা হয়নি।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর ধানমন্ডিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।
মাহ্দী আমিন বলেন, দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনের পর পুঞ্জীভূত সমস্যাগুলো রাতারাতি দূর করা সম্ভব নয়। তবে বর্তমান সরকারের সময়ে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মানবাধিকার লঙ্ঘনের কোনও ঘটনা ঘটেনি। স্থানীয় পর্যায়ে বিচ্ছিন্ন কোনও অনাকাঙ্ক্ষিত ঘটনা বা প্রশাসনিক ভুল হয়ে থাকলে তাৎক্ষণিকভাবে জবাবদিহির আওতায় আনা হচ্ছে।
তিনি বলেন, আইনকে জনবান্ধব ও বাস্তবসম্মত করতে সংশ্লিষ্টদের সঙ্গে পরামর্শ করা হচ্ছে। আইনের অক্ষরের পাশাপাশি এর মানবিক ব্যাখ্যা ও সঠিক প্রয়োগ নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, বিভিন্ন ক্ষেত্রে অশালীন আচরণ বা বক্তব্যের পরও সরকার সর্বোচ্চ সহনশীলতা ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখছে। রাজনৈতিক মতাদর্শে ভিন্নতা থাকতেই পারে। তবে দেশের বৃহত্তর স্বার্থ, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
আই/এ