মক্কার পবিত্র স্থাপনায় হামলার নিন্দা জানিয়েছেন শায়খ সুদাইস
মক্কার পবিত্র স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলার নিন্দা জানিয়েছেন মসজিদুল হারাম ও মসজিদে নববীর ধর্মীয়বিষয়ক প্রেসিডেন্ট শায়খ ড. আবদুর রহমান আস-সুদাইস। একই সঙ্গে মুসলিমদের ঐক্য ও সংহতি বজায় রাখা, যাচাই ছাড়া কোনো তথ্য প্রচার না করা এবং সৌদি আরবের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তিনি।
এক বিবৃতিতে শায়খ সুদাইস বলেন, পবিত্র স্থানগুলো লক্ষ্য করে হামলা ইসলামের শিক্ষা ও মানবিক মূল্যবোধের মৌলিক নীতির পরিপন্থী। ইসলাম আগ্রাসন নিষিদ্ধ করেছে এবং মানুষের জীবন, সম্পদ ও মর্যাদা সুরক্ষার নির্দেশ দিয়েছে।
তিনি বলেন, বিশ্বের কোটি কোটি মুসলমানের কাছে পবিত্র স্থানগুলোর বিশেষ মর্যাদা রয়েছে। তাই এসব স্থানের নিরাপত্তার জন্য যেকোনো হুমকিকে অত্যন্ত গুরুতর হিসেবে বিবেচনা করতে হবে।
অনিশ্চয়তা ও সংকটের সময়ে মুসলিমদের মধ্যে ঐক্য ও সংহতি বজায় রাখার ওপরও গুরুত্ব দেন শায়খ আল-সুদাইস। জাতীয় সংহতি অটুট রাখতে সহযোগিতার পাশাপাশি তথ্য প্রচারে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে গুজব কিংবা যাচাই না করা কোনো খবর ছড়িয়ে না দেওয়ার জন্য সতর্ক করেন।
কোরআন ও সুন্নাহর শিক্ষার উল্লেখ করে শায়খ সুদাইস বলেন, মুসলমানদের আগ্রাসন থেকে বিরত থাকা, বিশৃঙ্খলা ও অনাচার প্রতিরোধ করা এবং বিশেষ করে সংকটময় পরিস্থিতিতে ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, যেকোনো তথ্যের ক্ষেত্রে সরকারি ও বিশ্বস্ত সূত্রের ওপর নির্ভর করতে হবে। বিভ্রান্তি, বিভাজন কিংবা অস্থিতিশীলতা তৈরি করতে পারে—এমন কোনো সংবাদ প্রচার থেকে সবাইকে বিরত থাকতে হবে।
বিবৃতির শেষে সৌদি আরব, দেশটির নেতৃত্ব ও জনগণের নিরাপত্তা এবং স্থিতিশীলতা অব্যাহত থাকার জন্য দোয়া করেন শায়খ আল-সুদাইস। একই সঙ্গে মক্কার পবিত্র স্থানগুলো এবং এসব স্থানের সেবা ও নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিদের সুরক্ষার জন্যও প্রার্থনা করেন তিনি।
এ ছাড়া মুসলিম বিশ্বের শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য দোয়া করেন শায়খ আল-সুদাইস। বিভিন্ন সম্প্রদায়কে ক্ষতি ও দুর্ভোগ থেকে রক্ষার জন্যও আল্লাহর কাছে প্রার্থনা জানান তিনি।
সূত্র : দ্য ইসলামিক ইনফরমেশন
এসি//