জাতীয়

সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে: তথ্যমন্ত্রী

ছবি: সংগৃহীত

সাংবাদিকরা সক্রিয় রয়েছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান। তার মতে, গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ হলো গণমাধ্যম ও সাংবাদিকতা।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অপরাধবিষয়ক সাংবাদিকদের ঝুঁকি ও নানা চ্যালেঞ্জের কথা তুলে ধরে আন্দালিভ রহমান বলেন, ক্রাইম রিপোর্টারদের অনেক ঝুঁকি নিয়ে কাজ করতে হয়। এ কারণে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে অনেক সময় তাদের চড়া মূল্যও দিতে হয়। দেশে সাংবাদিকদের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার মতো কার্যকর ব্যবস্থা এখনো পুরোপুরি গড়ে ওঠেনি বলেও মন্তব্য করেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, তিনি সম্প্রতি দায়িত্ব নিয়েছেন। কতটা সফলভাবে দায়িত্ব পালন করতে পারবেন, তা সময়ই বলে দেবে। তবে সবকিছু নিয়মতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়েই এগিয়ে নিতে হবে।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, যেকোনো যৌক্তিক প্রয়োজনে তার সঙ্গে সরাসরি যোগাযোগ করা যাবে। রাজনৈতিক অঙ্গন থেকে আসায় সাংবাদিকদের বিভিন্ন সমস্যা তিনি সহজেই বুঝতে পারেন বলেও উল্লেখ করেন।

নিজ মন্ত্রণালয়ের অধীন দপ্তর-সংস্থাগুলোর বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, তার মন্ত্রণালয়ের আওতাধীন ১৫টি দপ্তর ও সংস্থাই তার কাছে গুরুত্বপূর্ণ এবং প্রতিটির প্রতি তার দায়িত্ব রয়েছে। গত ১৭ বছরে বিভিন্ন প্রতিষ্ঠানে যে ধরনের অনিয়ম ও দুর্নীতি হয়েছে, সেখান থেকে সেগুলোকে আবার সঠিক ধারায় ফিরিয়ে আনা বড় চ্যালেঞ্জ।

তিনি বলেন, খালি জায়গায় নতুন ভবন তৈরি করা তুলনামূলক সহজ। কিন্তু পুরোনো ও জরাজীর্ণ ভবন সংস্কার করে কার্যকর অবস্থায় ফিরিয়ে আনা অনেক কঠিন।

সাংবাদিকদের পাশে থাকার আশ্বাস দিয়ে তথ্যমন্ত্রী বলেন, প্রয়োজন হলে তার সঙ্গে যোগাযোগ করতে হবে। সবাই মিলে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের চেষ্টা করা হবে এবং সরকার সাংবাদিকদের পাশে রয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল। সংগঠনের সাধারণ সম্পাদক এম এম বাদশাহর সঞ্চালনায় অনুষ্ঠানে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, ক্র্যাবের সাবেক ও বর্তমান নেতারা এবং বিভিন্ন গণমাধ্যমের অপরাধবিষয়ক সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন