শুক্রবার টানা ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজের জন্য গ্যাসের পাইপলাইন স্থানান্তর করা হবে। এ কারণে শুক্রবার ১৮ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে শনিবার ১৯ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত টানা ২৪ ঘণ্টা সাভার ও আশুলিয়ার বিস্তীর্ণ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতাভুক্ত আশুলিয়া সড়কে থাকা গ্যাসের পাইপলাইন স্থানান্তরের জন্য এই কাজ করা হবে। ফলে আশুলিয়া বাজার থেকে বাইপাইল পর্যন্ত সড়কের উভয় পাশের এলাকা, ঢাকা ইপিজেড, মালঞ্চ বিদ্যুৎকেন্দ্র, বেক্সিমকো ডিআরএস, বেক্সিমকো শিল্প কমপ্লেক্স, কাশিমপুর, সারদাগঞ্জ, হাজী মার্কেট, শ্রীপুর, চন্দ্রা ও চন্দ্রা মোড় এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এ ছাড়া নবীনগর, সাভার শহর, সাভার সেনানিবাস, উলাইল, ব্যাংক টাউন, সাভার রেডিও কলোনি, কলমা, দোসাইদ, কুমকুমারী, আক্রান, চারাবাগ, বড় আশুলিয়া, টঙ্গাবাড়ী, কাঠগড়া, জিরাবো, গাজীরচট ও নয়াপাড়া এলাকাতেও এই সময়ে গ্যাস পাওয়া যাবে না।
একইভাবে দেওয়ান ইদ্রিস সড়কের উভয় পাশের এলাকা, নয়ারহাট, বলিভদ্রপুর, পল্লীবিদ্যুৎ, ডেন্ডারবর, ভাদাইল, লতিফপুর, মানিকগঞ্জ ও এর আশপাশের এলাকাও গ্যাস সরবরাহ বন্ধের আওতায় থাকবে।
এই সময়ে এসব এলাকার সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে। পাশাপাশি তালিকাভুক্ত এলাকার বাইরে আশপাশের এলাকাতেও গ্যাসের চাপ কম থাকতে পারে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
এসি//