নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ৭৬তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মোদিকে শুভেচ্ছা জানান তারেক রহমান। একই বার্তা প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফেসবুক পেজেও প্রকাশ করা হয়।
শুভেচ্ছা বার্তায় তারেক রহমান লেখেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের উষ্ণ শুভেচ্ছা। আপনার এই বিশেষ দিনটি বারবার ফিরে আসুক। ভারতের জনগণের প্রতি আপনার নিবেদিত সেবা সর্বদা সুস্বাস্থ্য ও উচ্চ মনোবলের সঙ্গে অব্যাহত থাকুক—এই কামনা করি।’
তারেক রহমানের এই শুভেচ্ছার জবাবে এক্সে একটি পোস্ট দেন নরেন্দ্র মোদি। তিনি লেখেন, ‘আপনার আন্তরিক শুভকামনার জন্য ধন্যবাদ, প্রধানমন্ত্রী তারেক রহমান। আপনার সদয় কথাগুলোকে আমি গভীরভাবে মূল্যায়ন করছি।’
১৭ সেপ্টেম্বর ১৯৫০ সালে জন্ম নেওয়া নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিয়েছেন।