একজন নাগরিক যে কোনো সময় দেশ ছাড়তে পারে,আবার ঢুকতেও পারে : রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, বাংলাদেশের কোনো নাগরিক যে কোনো সময় দেশ ছাড়তে পারে আবার যে কোনো সময় দেশে ঢুকতেও পারে। এটা সংবিধানে পরিস্কার বলে দেয়া আছে। বাংলাদেশে ঢোকার পরে সরকার কী পদক্ষেপ নেবে, সেটা সরকারের হাতে।
আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৫টায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে জানতে চাইলে রুমিন ফারহানা এ সব কথা বলেন।
আশুগঞ্জের আব্দুল কাদির শাহ পাঠাগার এ অনুষ্ঠানের আয়োজন করে।
সম্প্রতি সংসদে বিএনপি সরকারের সমালোচনা করে রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদে ঝাড়ু মিছিল করে আশুগঞ্জ উপজেলা বিএনপি। বক্তব্য প্রত্যাহার না করলে আশুগঞ্জে রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা করারও হুঁশিয়ারি দেন বিএনপি নেতাকর্মীরা।
এ প্রেক্ষিতে রুমিন ফারহানা বলেন, রাজনীতিতে এটা হয়। এটা কিছু না। রাজনীতিতে ভিন্ন মত থাকবে, অবাঞ্ছিত ঘোষণা করা হবে। রাজনীতিতে মিছিল-মিটিং হবে, সেটাই না রাজনীতি! তো এগুলো সবই স্বাভাবিক।
আই/এ