আন্তর্জাতিক

গ্রিনল্যান্ডে ‘স্থায়ী নিয়ন্ত্রণের’ দাবি ট্রাম্পের

ছবি: সংগৃহীত

গ্রিনল্যান্ডের নিরাপত্তা ও অন্যান্য প্রয়োজনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ‘স্থায়ী নিয়ন্ত্রণ’ পাবে—ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সঙ্গে এমন একটি চুক্তি হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শনিবার (১৯ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, তার নির্দেশে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে এমন একটি ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে, যার আওতায় গ্রিনল্যান্ডে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ‘চিরস্থায়ী’ সক্ষমতা যুক্তরাষ্ট্রের থাকবে।

ট্রাম্প আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের লিখিত অনুমতি ছাড়া কোনো প্রতিদ্বন্দ্বী দেশ গ্রিনল্যান্ডে সামরিক ঘাঁটি স্থাপন বা সেনা মোতায়েন করতে পারবে না।

গ্রিনল্যান্ডের বিভিন্ন উপযুক্ত এলাকায় বড় ধরনের মার্কিন সামরিক উপস্থিতি গড়ে তোলার পরিকল্পনাও দ্রুত শুরু হবে বলে জানান তিনি। এ জন্য বেশ কয়েকটি সম্ভাব্য স্থান রয়েছে বলেও উল্লেখ করেন ট্রাম্প।

তবে শুক্রবার ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের পক্ষ থেকে দেওয়া এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি সই হওয়ার কথা রয়েছে। চুক্তিটি কার্যকর করতে ডেনমার্ক ও গ্রিনল্যান্ড—উভয় জায়গার পার্লামেন্টের অনুমোদন প্রয়োজন হবে।

ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন বলেছেন, প্রস্তাবিত চুক্তিতে ডেনমার্কের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার পাশাপাশি গ্রিনল্যান্ডের জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার স্বীকৃত থাকবে।

গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী ইয়েন্স-ফ্রেডেরিক নিলসেনও বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে এই চুক্তি গ্রিনল্যান্ডের নিরাপত্তা আরও শক্তিশালী করবে।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন