শিক্ষার্থীকে মারধরের জেরে রেলস্টেশনে ভাঙচুর, চার কর্মচারী বরখাস্ত
রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের হাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী মারধরের শিকার হওয়ার প্রতিবাদে রাজশাহী রেলস্টেশনে বিক্ষোভ ও ভাঙচুর করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রোববার (২০ সেপ্টেম্বর) রাত পৌনে ১২টা থেকে দেড়টা পর্যন্ত চলা বিক্ষোভে স্টেশনের বিভিন্ন অংশে এ ভাঙচুর চালানো হয়।
ভাঙচুরের পর রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেন বিভিন্ন স্থানে আটকা পড়ে। রাজশাহী রেলস্টেশনে আটকে পড়েন বহু যাত্রী। ট্রেন কখন চলবে, সে বিষয়ে নিশ্চিত তথ্য না পেয়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় তাদের।
শিক্ষার্থীদের অভিযোগ, রোববার রাত ৯টার দিকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী আইয়ুব আলী তার চাচাকে আনতে রাজশাহী রেলস্টেশনে যান। এ সময় ইংরেজি বিভাগের দুই শিক্ষার্থীর সঙ্গে রেল নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যদের কথা কাটাকাটি চলছিল। সেখানে আইয়ুব আলী গেলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। আহত আইয়ুব বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনার প্রতিবাদে প্রথমে বিশ্ববিদ্যালয় সংলগ্ন রেলস্টেশনে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। পরে রাতে কয়েক হাজার শিক্ষার্থী রাজশাহী রেলস্টেশনে গিয়ে অবস্থান নেন।
রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা থাকা ধূমকেতু এক্সপ্রেসের যাত্রা বাতিল করা হয়। অন্য দিক থেকে আসা দুটি ট্রেন রাজশাহীর হরিয়ান স্টেশনে এবং আরেকটি সারদা একাডেমি স্টেশনে অবস্থান নেয়।
ঘটনার পর প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থী ও রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হয়। প্রায় দেড় ঘণ্টার বৈঠকে বিভাগীয় কমিশনার, পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে পরিস্থিতি পর্যালোচনা করে দ্রুত রেল যোগাযোগ স্বাভাবিক করার বিষয়ে আলোচনা হয়।
পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক আহম্মদ হোসেন মাসুম বলেন, রেল চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। তবে বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তা নিশ্চিত করেই ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হবে।
রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম জানান, পুরো ঘটনার তদন্ত করা হবে। ঘটনার সঙ্গে কারা জড়িত এবং কী কারণে পরিস্থিতির অবনতি হয়েছে, তা তদন্তের মাধ্যমে বের করা হবে।
ইতোমধ্যে এ ঘটনা তদন্তে চার সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। চারজন কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে রেল বিভাগ।
আর/আই