বাড়ল দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ, ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে এখন ৩৬ দশমিক ৩১ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী, রিজার্ভের পরিমাণ ৩১ দশমিক ৪৫ বিলিয়ন ডলার।
রোববার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ তথ্য থেকে রিজার্ভের এই চিত্র পাওয়া গেছে। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, বৈশ্বিক অর্থনীতিতে নানা অনিশ্চয়তা থাকলেও দেশের বহিঃখাতের স্থিতিশীলতার প্রতিফলন দেখা যাচ্ছে রিজার্ভের বর্তমান অবস্থায়।
এদিকে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পাশাপাশি দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্সের প্রবাহও ঊর্ধ্বমুখী রয়েছে। চলতি সেপ্টেম্বরের প্রথম ১৯ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৮৭ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। প্রতি ডলার ১২২ টাকা হিসাবে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২২ হাজার ৮৯৪ কোটি টাকা।
গত বছরের একই সময়ে সেপ্টেম্বরের প্রথম ১৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ১৮৬ কোটি ৯০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে চলতি বছরের একই সময়ে রেমিট্যান্স বেড়েছে ৮০ লাখ ডলার, যা প্রায় শূন্য দশমিক ৪ শতাংশ বেশি।
শুধু ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর—এই তিন দিনেই দেশে প্রবাসী আয় এসেছে ১৩ কোটি ডলার। ১২২ টাকা হিসাবে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১ হাজার ৫৮৬ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৭৭০ কোটি ২০ লাখ ডলার। ১২২ টাকা দরে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় প্রায় ৯৩ হাজার ৯৬৬ কোটি টাকা।
অন্যদিকে, গত অর্থবছরের একই সময়ে দেশে প্রবাসী আয় এসেছিল ৬৭৬ কোটি ৯০ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় ১২২ টাকা দরে যার পরিমাণ ছিল প্রায় ৮২ হাজার ৫৮২ কোটি টাকা।
হিসাব অনুযায়ী, এক বছরের ব্যবধানে চলতি অর্থবছরের প্রথম দুই মাস ১৯ দিনে রেমিট্যান্স বেড়েছে ৯৩ কোটি ৩০ লাখ ডলার। ১২২ টাকা হিসাবে এর পরিমাণ প্রায় ১১ হাজার ৩৮৬ কোটি টাকা।
শতাংশের হিসাবে, গত বছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের প্রথম দুই মাস ১৯ দিনে দেশে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৩ দশমিক ৮ শতাংশ।
এসি//