জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সন্ধ্যায় এনসিপির বিক্ষোভ
জ্বালানি তেলের দাম প্রতি লিটারে ২০ টাকা করে বৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার আয়োজনে কর্মসূচিতে মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ দলের শীর্ষ নেতারা এই বিক্ষোভ মিছিলে উপস্থিত থাকবেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর বাংলামোটর এলাকায় এই কর্মসূচি পালন করবে দলটি।
রোববার (২০ সেপ্টেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর কথা জানানো হয়। নতুন দরে ডিজেলের দাম ১১৫ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা, কেরোসিন ১৩৫ থেকে ১৫৫ টাকা, অকটেন ১৪৫ থেকে ১৬৫ টাকা এবং পেট্রোল ১৪০ থেকে ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। রোববার মধ্যরাত থেকেই নতুন দাম কার্যকর হয়।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, দেশের অর্থনীতি ও জ্বালানি খাতের ভারসাম্য রক্ষার্থেই অনিচ্ছা সত্ত্বেও সরকারকে তেলের দাম বাড়ানোর এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। আন্তর্জাতিক বাজারে মূল্যের ঊর্ধ্বগতির কারণে দেশীয় বাজারে এই সমন্বয় ছাড়া সরকারের সামনে আর কোনো বিকল্প পথ ছিল না।
তিনি বলেন, বিপুল পরিমাণ ভর্তুকি সামাল দিতে গিয়ে প্রতি মাসে সরকারকে জ্বালানি খাতে লোকসান গুনতে হচ্ছিল। ডিজেলের ক্ষেত্রে প্রতি লিটারে সরকারকে ৯০ টাকা পর্যন্ত ভর্তুকি দিতে হচ্ছিল, যা বছরে বিশাল অংকের বাজেট ঘাটতি তৈরি করছিল। এক ডিজেল খাতেই বছরে ভর্তুকির পরিমাণ দাঁড়াত প্রায় ৪০ হাজার কোটি টাকা।
তিনি আরও বলেন, সার্বিকভাবে সব ধরনের জ্বালানি খাত মিলিয়ে সরকারকে বছরজুড়ে প্রায় ৫০ হাজার কোটি টাকা লোকসান গুনতে হচ্ছিল।
আর/আই