গণপিটুনিতে নিহত সেলিম খান ও শান্ত খানের মরদেহ কবর থেকে তোলা হবে
চাঁদপুরের আলোচিত সেলিম খান ও তার ছেলে চিত্রনায়ক শান্ত খানের মরদেহ আদালতের নির্দেশে কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে।
সোমবার (২১ সেপ্টেম্বর) চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফয়েজ আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি কবর থেকে উত্তোলনের উদ্দেশ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট চেয়ে চাঁদপুর জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়েছিল। জেলা প্রশাসক ওই আবেদন অনুমোদন করেছেন। তবে কবে মরদেহ উত্তোলন করা হবে, তা পরে জানানো হবে।
সেলিম খান ও তার ছেলে শান্ত খানের মরদেহ চাঁদপুর সদর উপজেলার ১০ নম্বর লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে তাদের নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছিল।
জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর এলাকা ছেড়ে যাওয়ার সময় সেলিম খান ও শান্ত খান বালিয়া ইউনিয়নের ফরক্কাবাদ বাজার এলাকায় জনতার মুখোমুখি হন। সেখান থেকে বেরিয়ে যেতে সক্ষম হলেও পরে বাগড়া বাজার এলাকায় আবারও জনতার বাধার মুখে পড়েন তাঁরা। সেখানে গণপিটুনিতে সেলিম খান ও শান্ত খান নিহত হন।
পরে স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যান। ওই সময়কার পরিস্থিতির কারণে ময়নাতদন্ত ছাড়াই তাদের মরদেহ দাফন করা হয়।
সেলিম খান চাঁদপুর সদর উপজেলার ১০ নম্বর লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। তিনি চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার সঙ্গে যুক্ত ছিলেন। তার ছেলে শান্ত খান চলচ্চিত্রে অভিনয় করতেন।
সেলিম খানের বিরুদ্ধে পদ্মা-মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনসহ বিভিন্ন অভিযোগ ছিল। এসব অভিযোগে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের মামলাও চলমান ছিল বলে জানা গেছে।
আদালতের নির্দেশনা অনুযায়ী এবার কবর থেকে সেলিম খান ও শান্ত খানের মরদেহ উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে। মৃত্যুর কারণসহ মামলার তদন্ত ও সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়ায় প্রয়োজনীয় তথ্য সংগ্রহের অংশ হিসেবে এই ময়নাতদন্ত করা হবে।
এসি//