দেশজুড়ে

পাবনায় বাসচাপায় ব্র্যাক কর্মকর্তার মৃত্যু

ছবি: ফাইল ছবি

পাবনার ঈশ্বরদীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আনোয়ার হোসেন (৪৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের কর্মকর্তা ছিলেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে পাবনা-ঈশ্বরদী মহাসড়কের মুনশিদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পাকশী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত আনোয়ার হোসেন রাজশাহীর বাগমারা উপজেলার তেবাড়িয়া এলাকার মৃত আব্দুল হকের ছেলে। তিনি ঈশ্বরদীর দাশুড়িয়া ব্র্যাক অফিসে প্রোগ্রামার হিসেবে কর্মরত ছিলেন। চাকরির কারণে পরিবার নিয়ে দাশুড়িয়া বাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

এসআই আবুল কালাম আজাদ জানান, সকালে মোটরসাইকেল নিয়ে মাঠপর্যায়ের কাজের উদ্দেশ্যে বের হন আনোয়ার। পাবনা থেকে ঈশ্বরদীর দিকে যাওয়ার সময় মুনশিদপুর এলাকায় পৌঁছালে একটি বাস পেছন থেকে তার মোটরসাইকেলে ধাক্কা দেয়।

ধাক্কায় সড়কে ছিটকে পড়ে বাসের নিচে চাপা পড়েন তিনি। পরে বাসটি তাকে কিছুদূর টেনে নিয়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পাকশী হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন