এককালীন ও মাসিক চাঁদা দাবি, নারায়ণগঞ্জের কৃষকদল নেতা গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পদ্মা অয়েল পিএলসির গোদনাইল ডিপো থেকে এককালীন ২০ লাখ এবং প্রতি মাসে আরও ২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে করা মামলায় নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের সদস্য সচিব সাইফুদ্দিন মোহাম্মদ ফয়সালকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাছিনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।
মামলার এজাহারে জানা যায়, পদ্মা অয়েল পিএলসির গোদনাইল ডিপোর জেট-এ-১ পয়েন্টে চেকার হিসেবে দায়িত্ব পালন করেন মো. রফিকুল ইসলাম। গত ১ জুলাই সকাল ১০টার দিকে তার হোয়াটসঅ্যাপে ফোন করে এককালীন ২০ লাখ টাকা এবং মাসিক ২ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ফয়সাল ভয়ভীতি দেখানোর পাশাপাশি হত্যার হুমকি দেন।
গত ১ আগস্ট বেলা সোয়া ১১টার দিকে ফয়সাল ১০ থেকে ১২ জন অজ্ঞাত ব্যক্তিকে সঙ্গে নিয়ে গোদনাইল ডিপোর জেট-এ-১ পয়েন্টে গিয়ে সেখানে কর্মীদের কাছে আবার চাঁদার টাকা দাবি করে।
কর্মীরা টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের সঙ্গে মারমুখী আচরণ করা হয়। চাঁদা না দিলে ডিপোতে চাকরি করতে দেওয়া হবে না এবং বিষয়টি নিয়ে থানায় অভিযোগ বা মামলা করলে হত্যা করে লাশ গুমের হুমকি দেওয়া হয়।
সাইফুদ্দিন মোহাম্মদ ফয়সালের বিরুদ্ধে এর আগেও চাঁদা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ ওঠার কথা জানিয়েছে সংশ্লিষ্টরা।
আর/আই