শ্যাম্পুর খালি প্যাকেট নিয়ে সংঘর্ষে বৃদ্ধের মৃত্যু, লাশ নিয়ে বিক্ষোভ
নীলফামারীর জলঢাকায় বালাগ্রাম ইউনিয়নে শ্যাম্পুর খালি প্যাকেট নিয়ে শিশুদের খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মকবুল হোসেন (৫৫) নামে এক বৃদ্ধ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।এ ঘটনায় আরও ১৫ জন আহত হয়েছেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই বৃদ্ধের মৃত্যু হয়। আজ (২২ সেপ্টেম্বর) বিকেলে তার লাশ নিয়ে জলঢাকা বাজারে বিক্ষোভ করেন স্থানীয়রা। জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত ১২ সেপ্টেম্বর সকালে বালাগ্রাম ইউনিয়নে শ্যাম্পুর খালি প্যাকেট নিয়ে শিশুদের খেলাকে কেন্দ্র করে প্রথমে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে বিষয়টি অভিভাবকদের মধ্যে ছড়িয়ে পড়লে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তারা চিকিৎসাধীন ছিলেন।
পরে মকবুল হোসেনের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে তিনি গতকাল রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ওসি নাজমুল আলম বলেন, অতিদ্রুত আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আই/এ