জাতীয়

হুমকি-ধামকি দিয়ে বিএনপি সরকারকে সরানো যাবে না: টুকু

জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকারকে কোনো ধরনের হুমকি বা চাপ দিয়ে ক্ষমতা থেকে সরানো যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, জনগণ যে মেয়াদের জন্য দায়িত্ব দিয়েছে, সরকার সে সময় পর্যন্ত দায়িত্ব পালন করবে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে সিরাজগঞ্জ শহরের ইসলামিয়া কলেজ মাঠে জেলা বিএনপি ও সম্মেলন প্রস্তুতি কমিটির আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশজুড়ে ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।

জামায়াতের রাজনৈতিক অবস্থান নিয়ে কথা বলতে গিয়ে টুকু বলেন, একসময় বিএনপি-জামায়াত বলা হলেও ২০২২ সালের ২৬ সেপ্টেম্বর হাজারীবাগের একটি জনসভায় তিনি ‘আওয়ামী-জামায়াত’ শব্দটি ব্যবহার করেছিলেন।। ওই বক্তব্যে দলের অনেক নেতাকর্মী অসন্তুষ্ট হয়েছিলেন বলেও জানান তিনি।

জুলাইয়ের আন্দোলনের পর জামায়াতের সঙ্গে যুক্ত অনেক ব্যক্তির অতীত রাজনৈতিক পরিচয় নিয়েও প্রশ্ন রয়েছে বলে দাবি করেন টুকু। তিনি বলেন, তাদের কেউ ছাত্রলীগ, কেউ যুবলীগ আবার কেউ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। রাজনৈতিক পরিস্থিতি বদলের পর তাদের অনেকে নিজেদের বিপ্লবী হিসেবে তুলে ধরছেন বলেও অভিযোগ করেন তিনি।

আওয়ামী লীগের নেতৃত্বের সমালোচনা করে তিনি বলেন, ক্ষমতার পরিবর্তনের পর শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন এবং সেখান থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বক্তব্য দিচ্ছেন। 

টুকু বলেন, একটি অবাধ নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়েই বিএনপি সরকার গঠন করেছে। জনগণের দেওয়া দায়িত্ব যথাযথভাবে পালন করা হবে এবং কোনো হুমকি বা চাপ সরকারকে দায়িত্ব থেকে সরাতে পারবে না।

সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, জুলাইয়ের আন্দোলনে অংশ নেওয়া মানুষের প্রত্যাশা পূরণ এবং জনকল্যাণে কাজ করছে সরকার। এর অংশ হিসেবে ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ডের মাধ্যমে ভাতা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে থাকা মামলা প্রসঙ্গে জ্বালানিমন্ত্রী বলেন, কার বিরুদ্ধে মামলা রয়েছে এবং তারা কোথায় অবস্থান করছেন, সে বিষয়ে সরকার অবগত। তবে আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ নেই।

তিনি বলেন, বিএনপি আইনের শাসন ও আইনশৃঙ্খলা ব্যবস্থায় বিশ্বাস করে। কোনো ব্যক্তির বিরুদ্ধে মামলা থাকলে তাকে গ্রেপ্তার করা এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দায়িত্ব পুলিশ ও সংশ্লিষ্ট বাহিনীর। বিএনপি নিজ উদ্যোগে কাউকে আটক বা শাস্তি দেবে না।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন