দেশে থাকলে সাহসের জন্য এই তরুণকে জড়িয়ে ধরতাম: শহিদুল আলম
কনটেন্ট নির্মাতা সালমান মুক্তাদিরের সাহস ও সংযমের প্রশংসা করে তাকে জড়িয়ে ধরার কথা জানিয়েছেন সাংবাদিক শহিদুল আলম। রোববার (২৭ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা লেখেন তিনি।
শনিবার দিবাগত মধ্যরাতে রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। চাঁদা দিতে অস্বীকার করায় এ হামলা হয়েছে বলে অভিযোগ রয়েছে। হামলাকারীরা স্টুডিওর সিসি ক্যামেরাসহ বিভিন্ন যন্ত্রপাতি ও কক্ষের প্রয়োজনীয় সামগ্রী লুট করে নিয়ে যায় এবং ভাঙচুর চালায়।
ঘটনার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভিডিওবার্তা দেন সালমান মুক্তাদির।
সেখানে তিনি বলেন, ‘এই রকম কোনো স্টুডিও বাংলাদেশে ছিল না। এটা ভাঙার পরও আমি কেন ভেঙে পড়ছি না, কারণ বাংলাদেশে যারা নতুন কিছু করতে চান, তাদের জন্য নতুন কিছু শেখাতে চাই। আপনি যদি কারও তোষামোদি না করেন, আপনার যদি কোনো ব্যাকআপ না থাকে, আপনি যদি কোনো পলিটিক্স না করেন, সিকিউরিটি টাকা-পয়সা দিয়ে কিনতে না পারেন, তাদের সঙ্গে বাংলাদেশে এমনটাই ঘটবে। সে জন্য আমরা বলি পায়ের নিচে মাটি শক্ত না থাকলে আমাদের কিছু করা উচিত না।’
তিনি আরও বলেন, ‘আমি এভাবে কথা বলছি, কারণ আমি স্ট্রং; কিন্তু অনেকে এটা নিতে পারবে না, কারণ বেশিরভাগ মানুষ স্ট্রং না।’

নিজের দীর্ঘ পথচলার কথা তুলে ধরে সালমান বলেন, ‘গত ১২ বছরে আমি একটা ছোট্ট রুম থেকে এ পর্যায়ে এসেছি। তোমরা যদি বাংলাদেশে কোনও স্বপ্ন দেখো, তাহলে তোমাদের ক্ষেত্রেও এটাই (ভাঙচুরের চিত্র দেখিয়ে) হবে।’
তিনি বলেন, ‘আমার যে স্বপ্ন ছিল, তা আমি পূরণ করছি। বিএনপির যারা এটা করেছো, তোমরা এর থেকে বড় আর হতে পারবা না। এটাই তোমাদের নেচার।’
স্টুডিওর কর্মীদের উদ্দেশে সালমান বলেন, ‘এই অফিসের খেটে খাওয়া মানুষগুলো কান্না করছে।’ পরে তাদের আশ্বস্ত করে বলেন, ‘আমি এর থেকে বড় কিছু করব। তোমরা চিন্তা করো না।’
সালমানের এই ভিডিওবার্তার পর শহিদুল আলম নিজের ফেসবুক পেজে প্রতিক্রিয়া জানান।
তিনি লেখেন, ‘বাংলাদেশে থাকলে আমি সোজা এই স্টুডিওতে চলে যেতাম এবং এই তরুণকে তার সাহস ও সংযমের জন্য জড়িয়ে ধরতাম। শক্ত থাকো ভাই।’
শহিদুল আলম আরও লেখেন, ‘তার সাহসিকতার প্রশংসা করেই যেন বিষয়টি শেষ না হয়। আমি বিচার চাই, চাঁদাবাজির সংস্কৃতির অবসান চাই। যারা এর বিরুদ্ধে দাঁড়ান, তাদের সুরক্ষা দিতে হবে এবং যারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, তাদের জবাবদিহির আওতায় আনতে হবে।’
এসি//