মারধর করে ৫ম শ্রেনির ছাত্রীর দাঁত ফেলে দেওয়া সেই ফয়সাল গ্রেপ্তার
স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে মারধর করে তিনটি দাঁত ফেলে দেওয়ার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ফয়সালকে গ্রেপ্তার করেছে। এসআরবি-৮।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে বরগুনা সদর উপজেলার পুরাকাটা ফেরিঘাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আসামিকে পুলিশে সোপর্দ করে এসআরবি। বরগুনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খাঁন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, কিছুদিন আগে ওই শিক্ষার্থী ওয়াশ রুমে গেলে বখাটে ফয়সাল সেখানে উঁকি দেয়। এ সময় ওই শিক্ষার্থী বিষয়টি টের পেলে এবং দেখে ফেললে ফয়সাল দ্রুত সটকে পরে। পরে ঘটনাটি ওই শিশু তার স্বজনদের জানালে ফয়সাল ক্ষুব্ধ হয়ে শিশুকে মারধরের হুমকি দেয়।
গত সোমবার (২১ সেপ্টেম্বর) স্কুলের এক শিক্ষকের সহযোগিতায় ভুক্তভোগী ওই শিক্ষার্থী স্কুলে যায়। বিকেল চারটার দিকে স্কুল ছুটি হলে বাড়ি ফেরার পথে অভিযুক্ত ফয়সাল তাকে মারধর করেন। এতে ওই শিক্ষার্থীর মুখের সামনের তিনটি দাঁত পড়ে যায়। এ ছাড়াও তার আরও দুইটি দাঁত ক্ষতিগ্রস্ত হয়। পরে আহত অবস্থায় ওই শিক্ষার্থীকে স্কুলের শিক্ষক ও স্বজনরা উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার দিন রাতে ভুক্তভোগীর মা বাদী হয়ে অভিযুক্ত ফয়সালকে প্রধান আসামি করে চারজনের নাম উল্লেখ করে বেতাগী থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় ফয়সালের মা এবং এক ভাইকে পুলিশ গ্রেপ্তার করলেও প্রধান আসামি ফয়সাল আত্মগোপনে থাকায় তাকে গ্রেপ্তার করতে পারেনি।
আই/এ