এশিয়ার বাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার শান্তি প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রত্যাখ্যান করায় এশিয়ার বাজারে আবারও বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম এক শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ১০৫ দশমিক ৬৪ ডলারে পৌঁছেছে।
একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই ক্রুডের দামও শূন্য দশমিক ৫ শতাংশের বেশি বেড়েছে। এদিন প্রতি ব্যারেল ডব্লিউটিআই তেল ৯৩ দশমিক ১১ ডলারে লেনদেন হচ্ছে।
বিশ্লেষকদের মতে, ইরানকে ঘিরে চলমান ভূরাজনৈতিক উত্তেজনা এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালির পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা তেলের সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করছে।
বিশেষ করে যুদ্ধ বন্ধের উদ্যোগ প্রত্যাখ্যানের পর হরমুজ প্রণালির মাধ্যমে জ্বালানি সরবরাহ স্বাভাবিক হওয়া নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে। এরই প্রভাব পড়েছে আন্তর্জাতিক বাজারে, ফলে ঊর্ধ্বমুখী হয়েছে অপরিশোধিত তেলের দাম।
এসি//