রাজনীতি

সরকারি দলের প্রশ্রয় ছাড়া এত বড় অপকর্ম করার সাহস কেউ করবে না : জামায়াত আমির

বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, নিশ্চয়ই সরকারি দলের আশ্রয়-প্রশ্রয় ছাড়া রাড্ডা হাসপাতালে ভাঙচুরের মত এত বড় অপকর্ম করার সাহস কেউ করবে না। সর্প হয়ে দংশন করা, ওঝা হয়ে ঝাড়ার নাটক আমরা দেখতে চাই না। আমরা দেখতে চাই, অপরাধী যেই হোক, তাকে যেন আইনের আওতায় আনা হয়।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুরে ক্ষতিগ্রস্ত এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি। এ সময় ক্ষতিগ্রস্ত হাসপাতালের কার্যক্রম চালুর জন্য ৫০ লাখ টাকা অনুদানের ঘোষণা দেন বিরোধীদলীয় নেতা।

ডা. শফিকুর রহমান বলেন, সরকারের পক্ষ থেকে আর যেন কোনোদিন কোনো দুর্বৃত্ত এসে এখানে হাত দিতে না পারে, তার যথাযথ ব্যবস্থা করতে হবে। আর যে দুর্বৃত্তরা এই কাজ করেছে, তাদেরকে দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে। তাদেরকে এমন শাস্তি দিতে হবে যেন ভবিষ্যতে কেউ আর এই ধরনের সামাজিক অপকর্ম করার সুযোগ না পায়।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, এই তিন-চার দিনে রাজধানী ঢাকায় শুধু ডাকাতি ঘটে গেল। মোহাম্মদপুরে একটা বাড়ি দখলের জন্য দিনের বেলা চাপাতি এবং অস্ত্র হাতে একদল দুর্বৃত্ত হানা দিল। তাদেরকে এখনো ধরা সম্ভব হয়নি। বাড়ির লোকগুলো এখনো ঘর থেকে নিরাপত্তাহীনতার কারণে বের হয়ে আসতে পারছেন না।

তিনি আরও বলেন, ইসিবি চত্বরে একটা স্টুডিওতে হামলা করা হলো। একজন জুলাই যোদ্ধার স্টুডিওতে হামলা করে একদম গুঁড়িয়ে দেওয়া হলো। ইনিয়ে-বিনিয়ে বলা হচ্ছে, চাঁদা চাওয়ার জন্য হয়নি, জমিজমার সমস্যা নিয়ে হামলা হয়েছে। জমিজমার সমস্যা নিয়ে রাত দুইটার সময়, একটার সময় হানা দেওয়ার বিধান সংবিধান-কানুনে কোথায় আছে?

জামায়াত আমির বলেন, আমরা দেখতে চাই, এই ধরনের অপকর্মের কবর রচনা হচ্ছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন