এশিয়ান গেমসে
কোয়ার্টার ফাইনাল না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ
বৃষ্টির কারণে এশিয়ান গেমসের ক্রিকেটে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার ম্যাচটি শেষ পর্যন্ত পরিত্যক্ত হওয়ায় সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। র্যাংকিংয়ে মালয়েশিয়ার চেয়ে এগিয়ে থাকায় নিয়ম অনুযায়ী সেমিফাইনালের টিকিট পেয়েছে বাংলাদেশ।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল ১১টায় মালয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে মাঠে নামার কথা ছিল টাইগারদের।
টানা বৃষ্টির কারণে এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের কোয়ার্টার ফাইনাল পর্ব বাধাগ্রস্ত হচ্ছে। ফলে গতকাল কোয়ার্টার ফাইনালের দুটি ম্যাচ এবং মঙ্গলবার সকালে নেপাল ও শ্রীলঙ্কার ম্যাচও পরিত্যক্ত হয়েছে। মাঠ খেলার উপযোগী না হওয়ায় বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার ম্যাচও খেলা শুরুর প্রায় সাড়ে তিন ঘণ্টা আগেই বাতিল করা হয়।
আগামী ১ অক্টোবর সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। সকাল ৯টায় ম্যাচটি হওয়ার কথা রয়েছে। তবে আবহাওয়ার উন্নতি না হলে সেমিফাইনাল নিয়েও শঙ্কা রয়েছে। ম্যাচটি পরিত্যক্ত হলে র্যাংকিংয়ে এগিয়ে থাকার সুবিধায় ফাইনালে উঠবে পাকিস্তান। সেক্ষেত্রে বাংলাদেশকে ব্রোঞ্জের জন্য লড়তে হবে।
এর আগে নারী ক্রিকেট দলও বৃষ্টির কারণে কোয়ার্টার ফাইনাল খেলতে পারেনি। চীনের বিপক্ষে ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় র্যাংকিংয়ের সুবিধায় সরাসরি সেমিফাইনালে উঠেছিল জ্যোতির দল।
আর/আই