মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা আল মানসুরি
মরক্কোর রাজা ষষ্ঠ মোহাম্মদ মঙ্গলবার মারাকেশের মেয়র ফাতিমা এজাহরা আল মানসুরিকে দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। গত সপ্তাহের পার্লামেন্ট নির্বাচনে তার দল জয়ী হওয়ার পর রাজকীয় মন্ত্রিসভা এ ঘোষণা দেয়।
রাবাত থেকে এএফপি জানায়, আল মানসুরির মধ্য-ডানপন্থী অথেনটিসিটি অ্যান্ড মডার্নিটি পার্টি (পিএএম) নির্বাচনে ৩৯৫ সদস্যের প্রতিনিধি পরিষদে ৯৭টি আসন পেয়ে সবচেয়ে বেশি আসন লাভ করেছে। নিকটতম প্রতিদ্বন্দ্বী দলের চেয়ে তারা ৩১টি আসন বেশি পেয়েছে। তবে এ নির্বাচন গত দুই দশকের মধ্যে সর্বনিম্ন ভোটার উপস্থিতির মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
রাজকীয় মন্ত্রিসভা জানিয়েছে, রাজা ষষ্ঠ মোহাম্মদ ৫০ বছর বয়সী আল মানসুরিকে ‘নতুন সরকার গঠনের’ দায়িত্ব দিয়েছেন। তিনি এর আগে আবাসনমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন।
নিয়োগের পরপরই টেলিভিশনে দেওয়া এক ভাষণে আল মানসুরি বলেন, তার নিয়োগ ‘সত্যিই ঐতিহাসিক’।
তিনি বলেন, ‘আমাদের দেশের ইতিহাসে প্রথমবারের মতো একজন নারী সরকার পরিচালনার দায়িত্ব নিচ্ছেন। এটি শুধু আমার জন্য নয়, মরক্কোর সব নারীর জন্যই গর্বের বিষয়।’
নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না থাকায় পিএএমকে অন্যান্য দলের সঙ্গে জোট সরকার গঠন করতে হবে। তবে বড় ধরনের নীতিগত বিষয়ে দেশটির রাজা এখনও ব্যাপক ক্ষমতা রাখেন।
নতুন প্রধানমন্ত্রী বলেন, ‘কাজ আজ থেকেই শুরু হচ্ছে।’
তিনি বলেন, ‘আমরা প্রথমে আমাদের দলের অভ্যন্তরে আলোচনা শুরু করব। এরপর সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করব।’
২০০৮ সালে পিএএম প্রতিষ্ঠার বছরই আল মানসুরি দলটিতে যোগ দেন। দেশটির ইসলামপন্থী আন্দোলনের মোকাবিলায় ভারসাম্য সৃষ্টির উদ্দেশ্যে বর্তমান রাজকীয় উপদেষ্টা ফুয়াদ আলি আল হিম্মা দলটি প্রতিষ্ঠা করেছিলেন।
আল মানসুরি ২০০৯ সালে প্রথম নারী হিসেবে মারাকেশের মেয়র নির্বাচিত হন। ছয় বছর পর তিনি ওই পদ হারান এবং ২০২১ সালে আবারও মেয়র নির্বাচিত হন।
আল মানসুরির সরকারকে বেকারত্ব ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, পাশাপাশি বিশেষ করে তরুণদের ওপর ব্যাপকভাবে প্রভাব ফেলা দীর্ঘস্থায়ী সামাজিক বৈষম্যসহ বেশ কয়েকটি জরুরি সমস্যা মোকাবিলা করতে হবে।
সংসদ নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে স্পেনের ছিটমহল সেউতায় কয়েক সপ্তাহ আগে হাজার হাজার প্রধানত তরুণ মরক্কোর অভিবাসী হঠাৎ প্রবেশের ঘটনার পর। ওই সংকট দেশটির তরুণদের আর্থসামাজিক হতাশার বিষয়টি সামনে নিয়ে আসে।
এর এক বছর আগে জেন-জি প্রজন্মের একটি প্রতিবাদ আন্দোলন রাস্তায় নেমে উন্নত স্বাস্থ্যসেবা ও শিক্ষার দাবি জানিয়েছিল।
আল মানসুরি বলেন, ‘আমরা পুরোপুরি সচেতন যে এই সময়টি গুরুত্বপূর্ণ হবে এবং মরক্কোর জনগণ, বিশেষ করে তরুণদের কাছ থেকে ব্যাপক প্রত্যাশা থাকবে।’
তিনি বলেন, ‘এ কারণেই আমরা এমন একটি কর্মসূচি গ্রহণ করব, যা নাগরিকদের উদ্বেগের বিষয়ে বাস্তবসম্মত ও কার্যকর সমাধান দেবে।’
পিএএম পাঁচ বছরের মেয়াদে গড়ে বার্ষিক ৫ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি, ২ শতাংশ মূল্যস্ফীতি এবং অন্তত ১০ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দিয়েছে।
নির্বাচনে পিএএমের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে ন্যাশনাল র্যালি অব ইন্ডিপেন্ডেন্টস (আরএনআই)। দলটি বিদায়ী জোট সরকারের নেতৃত্বে ছিল এবং ৬৬টি আসন পেয়েছে।
ডানপন্থী ইস্তিকলাল পার্টি ৬৫টি আসন নিয়ে তৃতীয় হয়েছে। আর ইসলামপন্থী বিরোধী দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (পিজেডি) পেয়েছে ৫৪টি আসন।
২০২১ সালের নির্বাচনে মাত্র ১৩টি আসন পাওয়ার পর এবার পিজেডি উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। দুর্নীতির বিরুদ্ধে লড়াইকে দলটি তাদের নির্বাচনী প্রচারের অন্যতম প্রধান বিষয় করেছিল।
দলটির প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী আবদেলিলাহ বেনকিরানে এই ফলকে ‘বিজয়’ হিসেবে অভিহিত করেছেন। তবে তিনি পিএএমের নেতৃত্বাধীন জোটে যোগ দেওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। পিএএম ‘জালিয়াতিতে কলঙ্কিত’ বলে দাবি করলেও এ বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেননি।
সূত্র:বাসস
আর/আই