নিষিদ্ধ ঘোষিত স্বেচ্ছাসেবক লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার
মিছিল করার অভিযোগে সিরাজগঞ্জে নিষিদ্ধ ঘোষিত স্বেচ্ছাসেবক লীগের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২ অক্টোবর) রাতে সদর থানা পুলিশের একাধিক দল শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। আজ (৩ অক্টোবর) তাদের তাদের আদালতে তোলা হয় বলে জানিয়েছেন সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান।
পুলিশের ভাষ্য অনুযায়ী, শুক্রবার নিষিদ্ধ সংগঠন স্বেচ্ছাসেবক লীগের ব্যানারে মিছিল বের করা হয়। মিছিলের খবর পাওয়ার পর জড়িতদের শনাক্ত করতে অভিযান শুরু করে সদর থানা পুলিশ। এর ধারাবাহিকতায় রাতভর অভিযান চালিয়ে ছয়জনকে হেফাজতে নেওয়া হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সিরাজগঞ্জ পৌর এলাকার দিয়ারধানগড়া মহল্লার বাতেন শেখ (৪০) ও নাবিল শেখ (২১), জানপুরের মাহবুবুল আলম (৪২), বহুলী ইউনিয়নের ধীতপুর আলাল গ্রামের ইমরান শেখ (২৫), আতিকুর রহমান (৪৬) এবং একই ইউনিয়নের আল আমিন (৩৯)।
ওসি রাকিবুল হাসান জানান, নিষিদ্ধ সংগঠনের কর্মসূচিতে অংশ নেওয়া এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে পাঠানো হয়েছে। মিছিলে অংশ নেওয়া আরও কয়েকজনকে শনাক্ত করার কাজ চলছে।
আই/এ