হোয়াইট হাউস ছেড়ে এবার সাংবাদিকতায় ক্যারোলিন লেভিট
যুক্তরাষ্ট্রের সাবেক হোয়াইট হাউস প্রেস সচিব ক্যারোলিন লেভিট এবার ফক্স নিউজে যোগ দিচ্ছেন। আগামী ১ নভেম্বর থেকে সংবাদমাধ্যমটির নিয়মিত অবদানকারী হিসেবে বিভিন্ন অনুষ্ঠানে রাজনৈতিক বিশ্লেষণ ও মন্তব্য করবেন তিনি।
ফক্স নিউজ এক বিবৃতিতে জানিয়েছে, বিভিন্ন অনুষ্ঠান ও প্ল্যাটফর্মে রাজনৈতিক নানা বিষয়ে নিজের মতামত তুলে ধরবেন লেভিট। হোয়াইট হাউসের প্রেস সচিব হিসেবে কাজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দর্শকদের সামনে সমসাময়িক রাজনৈতিক বিষয়গুলো বিশ্লেষণ করবেন তিনি।
লেভিট বলেন, হোয়াইট হাউসের প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালনের সময় অর্জিত অভিজ্ঞতা ও নিজস্ব দৃষ্টিভঙ্গি ফক্স নিউজের লাখো দর্শকের সামনে তুলে ধরতে তিনি আগ্রহী। দায়িত্ব পালনের সময় যে উদ্যম ও স্পষ্টবাদিতা তিনি দেখিয়েছেন, নতুন ভূমিকাতেও তা ধরে রাখতে চান।
ফক্স নিউজ মিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা সুজান স্কট বলেন, হোয়াইট হাউস ও প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণায় লেভিটের সরাসরি কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ফলে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণে তার একটি আলাদা দৃষ্টিভঙ্গি রয়েছে।
২৯ বছর বয়সী ক্যারোলিন লেভিট গত আগস্টের শেষ দিকে ট্রাম্প প্রশাসন থেকে সরে দাঁড়ান। ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রশাসনের প্রথম দিন থেকেই তিনি হোয়াইট হাউসের প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে ট্রাম্পের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণাতেও কাজ করেন তিনি।
দায়িত্ব ছাড়ার সময় লেভিট জানিয়েছিলেন, দ্বিতীয় সন্তানের জন্মের পর সন্তানদের সঙ্গে আরও বেশি সময় কাটাতে চান। পরিবারের সঙ্গে সময় দেওয়ার কারণেই ব্যস্ত প্রেস সচিবের দায়িত্ব থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি।
তবে হোয়াইট হাউসের দায়িত্ব ছেড়ে দিলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে লেভিটের অবস্থান রয়েছে।
হোয়াইট হাউসের সাবেক প্রেস সচিবদের টেলিভিশন সংবাদমাধ্যমে যোগ দেওয়ার ঘটনা অবশ্য নতুন নয়। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রেস সচিব জেন সাকি বর্তমানে এমএস নাও-তে নিজের অনুষ্ঠান পরিচালনা করছেন। ট্রাম্পের সাবেক প্রেস সচিব কেইলি ম্যাকেনানি ফক্স নিউজের উপস্থাপক হিসেবে কাজ করছেন। এ ছাড়া সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের প্রেস সচিব ডানা পেরিনোও ফক্স নিউজের ভাষ্যকার ও উপস্থাপক হিসেবে যুক্ত আছেন।
এ তালিকায় আরও রয়েছেন টনি স্নো। তিনি আগে ফক্স নিউজ সানডে অনুষ্ঠানের উপস্থাপক ছিলেন। পরে ২০০৬ সালে জর্জ ডব্লিউ বুশ প্রশাসনে হোয়াইট হাউসের প্রেস সচিবের দায়িত্ব নেন।
এদিকে, লেভিটের জায়গায় হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব হিসেবে কাকে নিয়োগ দেওয়া হবে, সে বিষয়ে এখনো কোনো ঘোষণা দেননি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সূত্র: সিবিএস নিউজ
এসি//