আন্তর্জাতিক

দিল্লিতে বিক্ষোভ চলাকালে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে কয়েক ঘণ্টা ধরে বিক্ষোভ প্রদর্শনের পর দেশটির প্রধান বিরোধী দল ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং ওয়ায়নাডের সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রকে আটক করেছে পুলিশ। এর আগে সকালে সিইসির পদত্যাগের দাবিতে নির্বাচন কমিশন কার্যালয় যাওয়ার পথে দুই কংগ্রেস নেতাকে আটকের কিছু সময় পর ছেড়ে দেয় পুলিশ।

মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যায় দিল্লি পুলিশ আকাশবাণী ভবনের সামনে থেকে তাদের আটক করে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এএনআই।

নির্বাচন কমিশনে যাওয়ার সময় পুলিশ বাঁধা দিলে সকাল থেকে আকাশবাণী ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন কংগ্রেসের নেতাকর্মীরা। সন্ধ্যায় পুলিশ বিক্ষোভস্থল খালি করার উদ্যোগ নেয়। এসময়ে কংগ্রেস নেতাকর্মীরা সরে যেতে না চাইলে দিল্লি পুলিশ রাহুল গান্ধীকে টেনেহিঁচড়ে একটি পুলিশ ভ্যানের দিকে নিয়ে যায়। বিরোধী দলের আরও কয়েকজন নেতা ও সাংসদকেও আটক করে বাসে নিয়ে যাওয়া হয়।

এর আগে সকালে ভোটার তালিকা সংশোধনের বিশেষ  কর্মসূচি বা 'স্পেশাল ইনটেনসিভ রিভিশন' (SIR)-এ কথিত অনিয়মের জেরে জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি ও তাঁর সঙ্গে সাক্ষাতের লক্ষ্যে নির্বাচন কমিশনের কার্যালয়ের দিকে মিছিল করে যাওয়ার সময় কংগ্রেস বিক্ষোভকারীদের আগেই আটকে দেওয়া হয়েছিল।

এ সময় প্রিয়াঙ্কা গান্ধী বলেন, বিরোধী দলগুলো প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে দেখা করতে চেয়েছিল, কিন্তু সরকারের কাছ থেকে তাদের কোনো প্রত্যাশা নেই।

তিনি সরকারের বিরুদ্ধে ‘অযোগ্যতা’র অভিযোগও তোলেন এবং বলেন যে সিইসি জ্ঞানেশ কুমারকে “ছাড় দেওয়া হবে না”।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন