বিকেলে আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের পরিবারের সদস্যদের সঙ্গে আজ সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (০৮ অক্টোবর) বিকেল ৫টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব জানিয়েছেন, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর আবরার ফাহাদের পরিবারের সঙ্গে এটিই তারেক রহমানের প্রথম সাক্ষাৎ।
সাক্ষাতে আবরারের পরিবারের সদস্যদের কাছ থেকে তাদের বিভিন্ন সমস্যা, সুবিধা-অসুবিধা ও প্রয়োজনের কথা শুনবেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে আবরার হত্যার বিচার প্রক্রিয়ায় সরকারের পক্ষ থেকে কী ধরনের সহযোগিতা করা যায়, সে বিষয়েও আলোচনা হতে পারে।
এর আগে বুধবার (০৭ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবরার ফাহাদের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর এই সাক্ষাতের তথ্য জানানো হয়।
এসি//