রাজধানী

অসুস্থ স্বামীকে রেখে গেলেন অফিসে, ফিরে পেলেন রক্তাক্ত নিথর দেহ

রাজধানীর উত্তর শাহজাহানপুরে একটি পাঁচতলা ভবনের চিলেকোঠা থেকে ফখরুল হোসেন ফরহাদ (৪৪) নামে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (০৭ অক্টোবর) সন্ধ্যার দিকে আমতলা জামে মসজিদের সামনে ওই ভবনে হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। সম্পত্তি নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

নিহতের পরিবার জানায়, অসুস্থ স্বামী ফরহাদকে বাসায় রেখে বুধবার কর্মস্থলে যান তার স্ত্রী সম্পা। রাতে কাজ শেষে বাসায় ফিরে তিনি চিলেকোঠার একটি কক্ষের মেঝেতে স্বামীর রক্তাক্ত ও নিথর দেহ পড়ে থাকতে দেখেন। এ সময় ঘরের ভেতরে খাবারসহ বিভিন্ন জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে ছিল। পরে বিষয়টি স্বজনদের জানালে তারা দ্রুত ওই বাসায় আসেন।

নিহতের ছোট বোন নূর আফসানা হাসান নিতু অভিযোগ করেন, নানার কাছ থেকে পাওয়া বাড়ির সম্পত্তি নিয়ে তাদের বড় বোন নূর আফসানা হাসান নিপা ও তার স্বামী সুজন সরকারের সঙ্গে ফরহাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ফরহাদকে বাড়ি থেকে সরিয়ে দেওয়ার জন্য বিভিন্ন সময় তাকে হুমকিও দেওয়া হয়।

নিতুর দাবি, হত্যাকাণ্ডের মাত্র দুই দিন আগেও ফরহাদকে জোর করে বাসা ছেড়ে দেওয়ার জন্য হুমকি দেওয়া হয়েছিল।

পুলিশের প্রাথমিক ধারণা, বুধবার সন্ধ্যার দিকে ফরহাদকে হত্যা করা হয়ে থাকতে পারে। এ ঘটনায় নিহতের বোন নিপা ও তার স্বামী সুজনকে আটক করেছে শাহজাহানপুর থানা পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার হারুন অর রশিদ বলেন, হত্যাকাণ্ডের পেছনে একাধিক কারণ থাকতে পারে। প্রাথমিকভাবে সম্পত্তি নিয়ে বিরোধের তথ্য পাওয়া গেছে। এর বাইরে অন্য কোনো কারণ রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহের পর হত্যাকাণ্ডের প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের কারণ উদ্‌ঘাটন এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন