আন্তর্জাতিক

নিদাল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র

২০০৯ সালে টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে গুলি চালিয়ে ১৩ জনকে হত্যার দায়ে দণ্ডিত সাবেক মার্কিন সেনা কর্মকর্তা নিদাল হাসানের মৃত্যুদণ্ড কার্যকরের দৃশ্য সরাসরি সম্প্রচারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। আগামী ৩ ডিসেম্বর ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে তার মৃত্যুদণ্ড কার্যকরের কথা রয়েছে।

বৃহস্পতিবার (০৮ অক্টোবর) মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানান, মৃত্যুদণ্ড কার্যকরের দৃশ্য জনসাধারণের দেখার ব্যবস্থা করা হবে। পেন্টাগনের এক কর্মকর্তাও বিবিসিকে সরাসরি সম্প্রচারের পরিকল্পনার বিষয়টি নিশ্চিত করেছেন।

রক্ষণশীল টেলিভিশন চ্যানেল রিয়েল আমেরিকাস ভয়েসকে দেওয়া সাক্ষাৎকারে হেগসেথ বলেন, হাসানের মৃত্যুদণ্ড কার্যকরে একটি ফায়ারিং স্কোয়াড থাকবে। মানুষ যেন ঘটনাটি দেখতে পারে, সেই ব্যবস্থা করা হবে। এ ধরনের অপরাধের পরিণতি সম্পর্কে জনসাধারণের জানা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

মার্কিন সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, আগামী ৩ ডিসেম্বর স্থানীয় সময় দুপুর ১টায় টেক্সাসের ফোর্ট হুডে মৃত্যুদণ্ড কার্যকরের সময় নির্ধারণ করা হয়েছে। গত ২ অক্টোবর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ দণ্ড অনুমোদন করেন।

মৃত্যুদণ্ড কার্যকর হলে ১৯৬১ সালের পর এটি হবে যুক্তরাষ্ট্রে প্রথম সামরিক মৃত্যুদণ্ড। একই সঙ্গে ১৯৪৫ সালের পর দেশটির সামরিক বাহিনীতে ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে প্রথম মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা হবে এটি।

উল্লেখ্য, ২০০৯ সালের ৫ নভেম্বর ফোর্ট হুড সামরিক ঘাঁটির একটি জনাকীর্ণ চিকিৎসাকেন্দ্রে গুলি চালান তৎকালীন সেনা মনোরোগ বিশেষজ্ঞ নিদাল হাসান। এতে ১৩ জন নিহত ও ৩২ জন আহত হন। ২০১৩ সালে সামরিক আদালতে দোষী সাব্যস্ত হওয়ার পর তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

বিচারের সময় হাসান আদালতে বলেছিলেন, আফগানিস্তানে মুসলিম ও তালেবানদের রক্ষা করার উদ্দেশ্যে তিনি ওই হামলা চালিয়েছিলেন বলে বিশ্বাস করতেন। নিজের কর্মকাণ্ডের জন্য তিনি ক্ষমাও চেয়েছিলেন।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন