দুটি ওয়ান শুটারগান ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২৩
পাবনার ঈশ্বরদীতে মাদক ও সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় পরিত্যক্ত অবস্থায় দুটি ওয়ান শুটারগান ও চারটি দেশীয় অস্ত্র (হাসুয়া) উদ্ধার করা হয়।
শুক্রবার (৯ অক্টোবর) ভোররাত থেকে উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের ডিগ্রির চরসহ বিভিন্ন এলাকায় ঈশ্বরদী থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সুপার (এসপি) আবু আশ্রাফ এ তথ্য জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত চারজন, নিয়মিত মামলার একজন এবং মাদকদ্রব্য সেবনের অভিযোগে ১৮ জন রয়েছেন। অভিযানে উদ্ধার করা অস্ত্রগুলো সাধারণ ডায়েরি (জিডি) মূলে ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়েছে।
এসপি আবু আশ্রাফ জানান, ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযান ও অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে যৌথ অপারেশন দল লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের ডিগ্রির চরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালায়।
এ সময় দুটি ওয়ান শুটারগান ও তিনটি হাসুয়া উদ্ধার করা হয়। এ ছাড়া অন্য স্থানে অভিযান চালিয়ে আরও একটি হাসুয়া উদ্ধার করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
পুলিশ জানায়, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলার পাঁচ আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যদিকে, মাদকদ্রব্য সেবনের অভিযোগে গ্রেপ্তার ১৮ জনকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
আই/এ