সন্দেহের জেরে স্ত্রীকে চার টুকরো করলেন স্বামী
রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ীতে একটি ভাড়া বাসা থেকে শিরিন বেগম নামে এক নারীর চার টুকরা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার স্বামী দুলাল হাওলাদারকে আটক করা হয়েছে।
রোববার (১২ অক্টোবর) দিবাগত গভীর রাতে একটি ব্যাগের ভেতর থেকে মরদেহের খণ্ডিত অংশগুলো উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক ধারণা, পারিবারিক কলহের জেরে শিরিনকে হত্যা করেন তার স্বামী। পরে মরদেহটি চার টুকরা করে একটি ব্যাগে ভরে রাখেন তিনি।
যাত্রাবাড়ী থানার পরিদর্শক এস এম মঈন উদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক বিরোধ থেকেই এ হত্যাকাণ্ড ঘটেছে। আটক দুলাল হাওলাদার পেশায় সিএনজিচালিত অটোরিকশার চালক।
তদন্ত-সংশ্লিষ্ট পুলিশের একটি সূত্র জানায়, শিরিন দীর্ঘদিন মধ্যপ্রাচ্যে ছিলেন। দেশে ফেরার পর স্বামীকে নিয়ে দক্ষিণ যাত্রাবাড়ী এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন তিনি। শিরিন মুঠোফোনে অন্য কারও সঙ্গে নিয়মিত কথা বলতেন—এমন সন্দেহ ছিল দুলালের। এ নিয়ে গত দুই দিন ধরে তাদের মধ্যে ঝগড়া চলছিল।
রোববার গভীর রাতে বাড়ির মালিক জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ একটি ব্যাগের ভেতর থেকে শিরিনের খণ্ডিত মরদেহ উদ্ধার করে। ব্যাগে তাঁর মাথা, গলা ও দুই পা বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া যায়।
পুলিশের ওই সূত্র আরও জানায়, জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুযায়ী, রোববারই শিরিনকে হত্যা করেন দুলাল। পরে মরদেহ চার টুকরা করে ব্যাগে রাখেন তিনি।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে যাত্রাবাড়ী থানা পুলিশ।
এসি//