জি এম কাদেরের বাসায় ভাঙচুর
রাজধানীর উত্তরায় জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় ভাঙচুর হয়েছে। তবে এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি। পুলিশ আসার আগেই হামলাকারিরা ঘটনাস্থল ত্যাগ করে।
সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে একদল লোক মিছিল নিয়ে গিয়ে তার বাড়িতে ভাঙচুর চালায়। ডিএমপির উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি) রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে জিএম কাদের বলেন, মিছিল নিয়ে এসে একদল লোক তার বাসার সামনে হইচই শুরু করে। তার নাম ধরে বিভিন্ন ধরনের স্লোগান দেয়। বাড়ির গেট বন্ধ থাকায় তারা ভেতরে ঢুকতে পারেনি। বাইরে থেকে বাসায় ঢিল ছোড়া শুরু করে। এতে বাড়ির সামনের জানালাসহ বেশ কয়েকটি জায়গায় অনেকগুলো কাচ ভেঙে যায়। হামলাকারীরা তাকে ভারত ও আওয়ামী লীগের দালাল বলে গালিগালাজ করে।
তিনি বলেন, পরে পুলিশ ও অন্যান্য লোকজন এলে মিছিলকারীরা চলে যায়। কেন হঠাৎ করে এই হামলা হলো তা তিনি জানেন না।
উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুর বলেন, এ হামলা কারা ঘটিয়েছে বা কারা এর সঙ্গে জড়িত তা এখনো শনাক্ত করা যায়নি। তবে, বাসা লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়েছে। এ বিষয়ে পুলিশ কাজ করছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।
আই/এ