ফেরদৌসী আহমেদ মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন ১২ নভেম্বর
রাজধানীর মিরপুরে রাড্ডা মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্রে ভাঙচুরের ঘটনাকে ঘিরে পদত্যাগ করা সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ১২ নভেম্বর এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
সোমবার (১২ অক্টোবর) উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
এদিকে মিষ্টির ছেড়ে দেওয়া আসনে বিএনপির মনোনয়ন কে পাচ্ছেন, তা নিয়ে দলটির নেতা-কর্মীদের মধ্যে আলোচনা চলছে। সাবেক সংসদ সদস্য, কেন্দ্রীয় নেত্রী, অঙ্গসংগঠনের নেত্রী এবং জেলা পর্যায়ের সংগঠকেরা মনোনয়ন পেতে তৎপরতা চালাচ্ছেন।
দলীয় সূত্রে জানা গেছে, মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে বিএনপির পরিচিত ও অভিজ্ঞ নেত্রীদের পাশাপাশি দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রামে সক্রিয় অনেক নেত্রীও রয়েছেন। তাদের কেউ এবার সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চেয়েও পাননি, আবার কেউ সরাসরি নির্বাচনে দলের মনোনয়ন পাওয়ার চেষ্টা করেছিলেন। মিষ্টির পদত্যাগের পর নতুন করে সুযোগ তৈরি হওয়ায় তারা আবারও সক্রিয় হয়েছেন।
বিএনপির দায়িত্বশীল নেতাদের মতে, দল রাষ্ট্রক্ষমতায় থাকায় সংসদ সদস্য হওয়ার আগ্রহও বেড়েছে। পরিচিত নেত্রীদের পাশাপাশি আরও অনেকে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ করছেন এবং মনোনয়ন পেতে চেষ্টা চালাচ্ছেন। তবে শূন্য আসনে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। জাতীয়তাবাদী মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেত্রীদের মধ্যেও এ আসন নিয়ে আগ্রহ রয়েছে।
গত ২৪ সেপ্টেম্বর রাজধানীর মিরপুরে রাড্ডা মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্রে হামলা, লুটপাট ও ভবন গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ঘনিষ্ঠ ব্যক্তিদের নাম আসার পর রাজনৈতিক দায় নিয়ে প্রশ্নের মুখে পড়েন ফেরদৌসী আহমেদ মিষ্টি। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনার পর গত ১ অক্টোবর স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। তবে হামলা ও ভাঙচুরের ঘটনায় নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন মিষ্টি।
তার পদত্যাগের পর সংরক্ষিত নারী আসনটি শূন্য হয়।
নিয়ম অনুযায়ী, সরাসরি ভোটে নির্বাচিত সংসদ সদস্যদের সংখ্যার অনুপাতে রাজনৈতিক দলগুলো সংরক্ষিত নারী আসন পেয়ে থাকে। সে হিসাবে শূন্য হওয়া আসনটি বিএনপির ভাগে পড়েছে। নতুন সংসদ সদস্য হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, সেই সিদ্ধান্ত নেবে দলটি।
জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪-এর ২৭ ধারা অনুযায়ী, কোনো আসন শূন্য হলে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন আয়োজনের বিধান রয়েছে। এ বিধান অনুসরণ করেই আগামী ১২ নভেম্বর ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।
এবার বিএনপির মনোনয়নে সংরক্ষিত নারী আসনের ৩৬ জন সংসদ সদস্য নির্বাচিত হন। গত ৩০ এপ্রিল তাদের নির্বাচিত হওয়ার গেজেট প্রকাশ করা হয়। পরে ৩ মে তারা শপথ নেন। দায়িত্ব নেওয়ার পাঁচ মাসের মধ্যেই সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন ফেরদৌসী আহমেদ মিষ্টি।
এসি//