জেলেদের চাল চুরির ঘটনায় ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত

চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের জেলেদের জন্য বরাদ্দ ১১ দশমিক ২৫ টন চালের মধ্যে ৫ টন চাল চুরি করে বিক্রির অভিযোগে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা গোলাম মোস্তফা শামীমকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একই সাথে তার বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রস্তুতি চলছে।

সোমবার (১২ অক্টোবর) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন জেলা প্রশাসক (ডিসি) আহমেদ জিয়াউর রহমান।

তিনি বলেন, গতকাল চাল জব্দের পর রাতেই ওই প্রশাসনিক কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। এরপর থেকে তাকে তিন সদস্যের তদন্ত কমিটি জিজ্ঞাবাদ করেন। তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং বিভাগীয় মামলা পক্রিয়াধীন। তবে ওই কর্মকর্তা শারিরীকভাবে অসুস্থ থাকায় তাকে সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

রোববার (১১ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম অভিযান চালিয়ে সিএসডি গোডাউন থেকে চুরি হয়ে যাওয়া ৪৯৩০ কেজি বা প্রায় ৫ টন চাল মিনি ট্রাকসহ জব্দ করেন। পরবর্তীতে ওই চাল সিএসডি গোডাউনে সংরক্ষণ করা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর ২২ দিন মা ইলিশ রক্ষায় নিবন্ধিত জেলেদের মাঝে চাল বরাদ্দ দেয় সরকার। এর মধ্যে সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের ৪ হাজার ৯৭০ জেলের জন্য বরাদ্দ হয় ১১.২৫ মেট্টিক টন। কিন্তু ওই চাল নির্দিষ্ট তারিখের মধ্যে বিতরণ হয়নি। ওই চাল থেকে একটি অংশ অন্যত্র বিক্রি করে ট্রাকে করে পাচারের সময় ট্রাকসহ চাল আটক করে জেলা প্রশাসন।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন