ভবিষ্যতে ড. ইউনূসের মত হেনস্তার ঘটনা বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেয়া হবে না : ডা.জাহেদ
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকারে সাবেক উপদেষ্টা ড.ইউনূস এবং অভিনেত্রী বাধনসহ বিদেশে জুলাই আন্দোলনকারীদের যদি ভবিষ্যতেও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা হেনস্তার চেষ্টা করেন, তাহলে তা বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না। এসব ঘটনার ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা ও প্রাপ্য মর্যাদা নিশ্চিত করার প্রশ্নে সরকারের কোনও ঘাটতি থাকলে সেটিও খতিয়ে দেখা হবে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
ডা.জাহেদ বলেন, আজ সকালেই তিনি ড. ইউনূসকে হেনস্তার চেষ্টার বিষয়টি জানতে পেরেছেন। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর ড. ইউনূস রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করেছিলেন, সেই কারণেই তাকে লক্ষ্যবস্তু করা হচ্ছে।
তিনি বলেন, জুলাই আন্দোলন ও অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের বিরুদ্ধে প্রতিশোধপরায়ণ আচরণের ধারাবাহিকতা হিসেবে বিবেচনা করা প্রয়োজন। অন্তর্বর্তী সরকারের সাবেক প্রেস সচিব অতীতে কোন ঘটনাকে কীভাবে ব্যাখ্যা করেছেন, তার জবাব সংশ্লিষ্ট ব্যক্তিই দিতে পারবেন। অতীতের কোনও ঘটনার ব্যাখ্যা দিয়ে বর্তমানে সংঘটিত হেনস্তা কিংবা সহিংস আচরণকে বৈধতা দেওয়ার সুযোগ নেই।
ভারতে বিমসটেকে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সালাহউদ্দিন আহমদের অংশ না নেয়ার বিষয়ে তিনি আরও বলেন, রাষ্ট্রমন্ত্রী কেন বৈঠকে যাননি, তার সুনির্দিষ্ট ব্যাখ্যা স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই ভালো দিতে পারবেন। তবে বাংলাদেশের পক্ষ থেকে বৈঠকে অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে। আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়য়ের জ্যেষ্ঠ্য সচিব যেহেতু গিয়েছেন, তার মানে বাংলাদেশ সেখানে অংশগ্রহণ করছে।
আই/এ